সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে চুয়াডাঙ্গা পৌরসভায় ভোটের দিন সকালে ভোটকেন্দ্রে ব্যালট, ব্যালটবাক্স ও অন্য উপকরণ পাঠানোর দাবি জানিয়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। পৌরসভা নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা ও নির্বাচনী আচরণবিধি-সংক্রান্ত মতবিনিময় সভায় গতকাল শুক্রবার দুজন মেয়র প্রার্থী এই দাবি উত্থাপন করলে উপস্থিত সব প্রার্থী তা সমর্থন করেন।
কয়েকজন মেয়র প্রার্থী সূত্রে জানা গেছে, জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গতকাল সকাল ১০টায় রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরার সভাপতিত্বে ওই সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সায়মা ইউনুস ও বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. রশীদুল হাসান।
সভায় বর্তমান মেয়র আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার ছাড়া প্রতিদ্বন্দ্বী সব মেয়র, সংরক্ষিত নারী কাউন্সিলর ও কাউন্সিলর প্রার্থীরা অংশ নেন।
জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক স্বতন্ত্র প্রার্থী ওবাইদুর রহমান চৌধুরী দাবি করেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে ভোটারদের মধ্যে সংশয় রয়েছে। অনেকে আশঙ্কা করছেন, ভোটের দিনের আগে ব্যালট ও ব্যালটবাক্সসহ সব উপকরণ কেন্দ্রে পৌঁছালে আগের রাতেই জাল ভোট দিয়ে ব্যালটবাক্সে ভরা হতে পারে। বিএনপির প্রার্থী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার আবদুল জব্বার বলেন, ‘ভোটারদের নির্বিঘ্নে ভোটকেন্দ্রে প্রবেশ ও ভোট দিয়ে বাড়ি ফেরার নিশ্চয়তা দিতে হবে। এ জন্য আমিও ভোটের দিন সকালে সব উপকরণ পাঠানোর দাবি জানাচ্ছি।’ এ সময় সভায় উপস্থিত সব মেয়র ও কাউন্সিলর প্রার্থী হাত তুলে তাঁর দাবির প্রতি সমর্থন জানান।
সভায় বক্তব্য দেন ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবুল কালাম আজাদ ও ৩ নম্বর ওয়ার্ডের প্রার্থী কাজী শাহজাহান আলী এবং ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী সুফিয়া খাতুন। পুলিশ সুপার মো. রশীদুল হাসান বলেন, কমিশনের পরামর্শ অনুযায়ী নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ মোতায়েন করা হবে। নিরপেক্ষ দায়িত্ব পালনে পুলিশ সতর্ক থাকবে।
জেলা প্রশাসক সায়মা ইউনুস বলেন, ‘সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনই আমাদের লক্ষ্য। ১৩ তারিখের পর থেকে জেলার চারটি পৌরসভা এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষায় ম্যাজিস্ট্রেট নিয়োগসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়িত্ব দেওয়া হবে। প্রার্থী ও ভোটারদের ভয় পাওয়ার কারণ নেই।’