সুষ্ঠু পরিকল্পনা করে কাজ করলে শিশুশ্রম নিরসন সম্ভব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝুঁকিপূর্ণ শিশুশ্রমসহ সব ধরনের শিশুশ্রম নিরসনের ক্ষেত্রে সচেতনতা বাড়ানো সবচেয়ে বেশি জরুরি বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক। তিনি বলেছেন, সুষ্ঠু পরিকল্পনা করে কাজ করলে দেশ থেকে শিশুশ্রম নিরসন করা সম্ভব।
গতকাল মঙ্গলবার রাজধানীর ব্র্যাক সেন্টারে ‘ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং করণীয়’ শীর্ষক জাতীয় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী তাঁর মন্ত্রণালয়ের অধীনে এনজিও পরিচালিত একটি ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন প্রকল্পের উদাহরণ দিয়ে বলেন, ‘টিভি ক্যামেরা নিয়ে গেছি। কিন্তু এনজিও পরিচালিত অনেক স্কুল বন্ধ পেয়েছি। আমরা ঝুঁকিপূর্ণ ৩৮টি কাজের তালিকা করেছি। এসব কাজ শিশুরা করতে পারবে না। এখন দেখতে হবে এগুলো বাস্তবায়ন হচ্ছে কি না।’ তিনি বলেন, ‘শিশুশ্রম নিরসন আমরা চাই কি না, সে ধরনের মানসিক প্রস্তুতি লাগবে।’ আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ শিশু অধিকার ফোরামের চেয়ারপারসন এমরানুল হক চৌধুরী। বাংলাদেশ শিশু অধিকার ফোরামসহ পাঁচটি সংস্থার একটি কনসোর্টিয়াম শিশুশ্রম নিরসন প্রকল্প বাস্তবায়ন করছে।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক মোহাম্মদ নাজমুজ্জামান ভুঁইয়া। তিনি ২০১৫ সাল-পরবর্তী জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজির সঙ্গে শিশুশ্রম, বিশেষ করে ঝুঁকিপূর্ণ শিশুশ্রমের বিষয়টি কীভাবে সম্পৃক্ত তা তুলে ধরেন।