চুয়াডাঙ্গার দর্শনা পৌরসভা নির্বাচনে মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীরা ভোটের সুষ্ঠু পরিবেশ এবং সব প্রার্থীর জন্য সমান সুযোগ দাবি করেছেন। দর্শনা পৌরসভা নির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও আচরণবিধি-সংক্রান্ত মতবিনিময় সভায় তাঁরা এ দাবি করেন।
দর্শনা পৌর নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা ও দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফরিদুর রহমানের সভাপতিত্বে তাঁর সম্মেলন কক্ষে ওই সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সায়মা ইউনুস। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. বেলায়েত হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুর রাজ্জাক ও জেলা নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমান।
ওই সভায় তিনজন মেয়র প্রার্থীর মধ্যে শুধু স্বতন্ত্র প্রার্থী আশকার আলী উপস্থিত ছিলেন। তবে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মতিয়ার রহমান ও বিএনপির প্রার্থী বর্তমান মেয়র মহিদুল ইসলামের পক্ষে সভায় দুজন প্রতিনিধি উপস্থিত ছিলেন। সভায় সংরক্ষিত কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বী ১৫ জনের সবাই ও ৩৭ সাধারণ কাউন্সিলর প্রার্থীর মধ্যে ৩৩ জন উপস্থিত ছিলেন। এতে ১, ২ ও ৩ ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী খালেদা খানম ও মর্জিনা বেগম এবং ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী কাঞ্চন বিবি, ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী এনামুল কবীর, আবদুল মান্নান প্রমুখ বক্তব্য দেন। এ সময় তাঁরা অভিযোগ করে বলেন, প্রভাবশালী প্রার্থীরা একের পর এক আচরণবিধি ভঙ্গ করছেন। সেদিকে কারও নজরদারি নেই। অনেকে হুমকি-ধমকিও দিচ্ছেন। তাঁরা নির্বাচনের অনুকূল পরিবেশ নিয়ে আশঙ্কা প্রকাশ করছেন। এ কারণে তাঁরা নির্বাচনে ভোটের সুষ্ঠু পরিবেশ ও সমান সুযোগের দাবি জানাচ্ছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক সভায় উপস্থিত কয়েকজন কাউন্সিলর প্রার্থী বলেন, গত শনিবার রাতে তাঁদের বাড়িতে পুলিশ গিয়ে মনোনয়ন প্রত্যাহারের চাপ দিতে থাকেন। এখন আবার প্রচারেও বাধা সৃষ্টি করা হচ্ছে।
এসব অভিযোগের জবাবে রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুর রহমান বলেন, ‘পেছনে কী হয়েছে, তা আমরা দেখতে চাই না। সামনের দিনগুলোতে আমরা সুন্দরভাবে কাজ করব, সেটাই লক্ষ্য।’
অতিরিক্ত পুলিশ সুপার মো. বেলায়েত হোসেন বলেন, সুষ্ঠু পরিবেশে ভোট দেওয়া ভোটারদের নাগরিক ও সাংবিধানিক অধিকার, তেমনি ভোটের অধিকার নিশ্চিত করাও রাষ্ট্রের দায়িত্ব। ব্যক্তিস্বার্থে অনেকেই এই ব্যবস্থাকে ভাঙতে চাইবেন। আমরা সে সুযোগ দেব না।’ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুর রাজ্জাক বলেন, নির্বাচন আচরণবিধি লঙ্ঘনে ঢালাও অভিযোগ না করে তথ্য-প্রমাণসহ লিখিত অভিযোগ দিলে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জেলা নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমান বলেন, লিখিত অভিযোগের সঙ্গে প্রয়োজনীয় ছবি, ভিডিও-অডিও জমা দিতে হবে।
জেলা প্রশাসক সায়মা ইউনুস প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অভয় দিয়ে বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হবে। কাউকে সুযোগ বা ছাড় দেওয়া হবে না।