সুষ্ঠু পরিবেশ নিয়ে শঙ্কা ইলিয়াস-পত্নীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির ‘নিখোঁজ’ নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর। গতকাল বুধবার ওসমানীনগর প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ শঙ্কা প্রকাশ করেন।
‘প্রশাসনের আচরণ নিরপেক্ষ নয়’ উল্লেখ করে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর বলেন, ‘প্রশাসন আওয়ামী লীগের প্রার্থীর সঙ্গে এক ধরনের এবং বিএনপির সঙ্গে আরেক ধরনের আচরণ করছে। বিএনপির নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীকে পুলিশ হয়রানি করছে। নির্বাচনী প্রচারণায় আসার পথে আমি নিজেও দুবার পুলিশি বাধার সম্মুখীন হয়েছি।’
ওসমানীনগর ইলিয়াস আলীর নির্বাচনী এলাকা। এ আসন থেকে তিনি সাংসদ নির্বাচিত হয়েছিলেন। তাহসিনা রুশদীর বলেন, ‘বর্তমান অগণতান্ত্রিক ও অনির্বাচিতভাবে ক্ষমতায় আসা সরকার পাঁচ বছর ধরে আমার স্বামী ইলিয়াস আলীকে গুম করে রেখেছে। এই সরকারের কাছে কোনো মানুষ নিরাপদ নয়। এমনকি সাংবাদিকেরা এ সরকারের দমন-নিপীড়নের হাত থেকে রক্ষা পাচ্ছেন না।’ তিনি বলেন, বিএনপির নেতা-কর্মীরা গণতান্ত্রিকভাবেও কোনো আন্দোলন কর্মসূচি পালন করতে পারছেন না। এসবের সমুচিত জবাব ভোটের মাধ্যমে দিতে তিনি ভোটারদের উদ্বুদ্ধ করতে বিএনপির প্রার্থীদের প্রতি আহ্বান জানান। অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হলে উপজেলা নির্বাচনে বিপুল ভোটে দলীয় প্রার্থী জয়ী হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
এক প্রশ্নের জবাবে নতুন প্রধান নির্বাচন কমিশনারকে দলীয় লোক উল্লেখ করে তাহসিনা বলেন, ‘বিএনপি বিচ্ছিন্নভাবে অনুষ্ঠিত নির্বাচনগুলোতে অংশ নিচ্ছে। এখন পর্যন্ত জাতীয় নির্বাচনে অংশগ্রহণের ইচ্ছে নেই। বিএনপি নির্দলীয় সরকার ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনে যেতে ইচ্ছুক।’
দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণা চালাতে তাহসিনা চার দিনের জন্য ওসমানীনগর এসেছেন। গতকাল দ্বিতীয় দিনে এই মতবিনিময় সভা করেন। এ সময় বিএনপি মনোনীত ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ময়নুল হক চৌধুরী, বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, ওসমানীনগর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাজ মোহাম্মদ ফখর প্রমুখ উপস্থিত ছিলেন।
আগামী ৬ মার্চ নবগঠিত ওসমানীনগর উপজেলা পরিষদের নির্বাচন। চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী মুহাম্মদ আতাউর রহমান ও দলটির ‘বিদ্রোহী’ প্রার্থী জগলু চৌধুরী।