চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট ও যুবলীগের নেতা মনিরুল ইসলাম (৩৫) হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে গতকাল সোমবার মানববন্ধন হয়েছে।
লাগাতার কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মনিরুলের শিয়ালমরা গ্রামের বাসিন্দাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ কর্মসূচি পালন করেন। পরে তাঁরা একই দাবিতে প্রধানমন্ত্রীর বরাবর একটি স্মারকলিপি দেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মানববন্ধন বেলা সাড়ে ১১টার দিকে শুরু হয়ে প্রায় এক ঘণ্টা চলে। এতে মনিরুলের দুই শিশুসন্তানসহ সোনামসজিদ স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট, আমদানি-রপ্তানি গ্রুপ, শ্রমিক সমন্বয় পরিষদের নেতারা ও স্থানীয় লোকজন অংশ নেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য শরিফুল ইসলাম, শ্রমিক সমন্বয় কমিটির সভাপতি সাদেকুল ইসলাম, রুহুল আমীন প্রমুখ।
বক্তারা জানান, মনিরুলকে কারা হত্যা করেছে, তা দিনের আলোর মতোই পরিষ্কার। কিন্তু একটি চক্র হত্যাকারীদের বাঁচাতে মামলা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে।
পরে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়।
গত ২৪ অক্টোবর শিবগঞ্জ স্টেডিয়ামসংলগ্ন সড়কে গুলি করে মনিরুলকে হত্যা করা হয়। এ ঘটনায় এ পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।