সুষ্ঠু বিচারের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে

শুধু আইন করে দায়িত্ব শেষ করলে চলবে না, সুষ্ঠু বিচারের দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এক মানববন্ধনে বক্তারা এমনটাই দাবি জানান।
আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে অ্যাসিড সারভাইভারস ফাউন্ডেশনের (এএসএফ) আয়োজনে এই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এবারের নারী দিবসের মূল প্রতিপাদ্য ‘অগ্রগতির মূল কথা, নারী পুরুষের সমতা’।
এ প্রতিপাদ্যকে সামনে রেখে অ্যাসিড সন্ত্রাসসহ নারীর প্রতি সব ধরনের সহিংসতা ও নির্যাতনের ন্যায়বিচার দাবি করা হয় সমাবেশ থেকে। বক্তারা নারীর প্রতি বৈষম্য ও সহিংসতা বন্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। সমাজের সব শ্রেণী-পেশায় তাঁদের কাজের সুযোগ করে দেওয়ারও দাবি জানান তাঁরা।
মানববন্ধনে বক্তাদের বক্তব্য থেকে জানা যায়, ২০০২ থেকে ২০১৪ সাল পর্যন্ত অ্যাসিড সন্ত্রাসের ঘটনায় সারা দেশে এক হাজার ৮৯১টি মামলা হয়েছে। এসব মামলায় অভিযুক্ত হয়েছে ৪ হাজার ৯২৬ জন। অথচ গ্রেপ্তার করা হয়েছে মাত্র ৫৯০ জনকে। অ্যাসিড অপরাধ দমন ট্রাইব্যুনাল, বিশেষ কমিটি থাকা সত্ত্বেও অ্যাসিড সন্ত্রাস বন্ধ ও সহিংসতা রোধ করা যাচ্ছে না।
মানববন্ধনে অংশ নেন অ্যাসিড সহিংসতার শিকার নারী-পুরুষ, বিভিন্ন মানবাধিকার সংগঠনের প্রতিনিধি, এএসএফের ট্রাস্টি বোর্ডের সদস্য, নির্বাহী পরিচালকসহ অন্য কর্মীরা।
মানববন্ধন ও সমাবেশে অ্যাসিড সারভাইভারস ফাউন্ডেশনের পক্ষে নির্বাহী পরিচালক সেলিনা আহমেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাশেদুল আলম, দপ্তর সম্পাদক সানজিদা সুলতানা প্রমুখ বক্তব্য দেন।