সুষ্ঠু ভোট গ্রহণ নিয়ে শঙ্কা, সেনা মোতায়েনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেলা পরিষদ নির্বাচন
জেলা পরিষদ নির্বাচন

ঝিনাইদহে জেলা পরিষদ নির্বাচনে ভোট কারচুপি হতে পারে বলে মনে করছেন চেয়ারম্যান পদপ্রার্থী এম হারুন-অর রশিদ। পিরোজপুরে সুষ্ঠু ভোট গ্রহণ ও শান্তিপূর্ণ পরিবেশ নিয়ে সংশয় প্রকাশ করেছেন স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মহিউদ্দিন মহারাজ। গত সোমবার ও গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভায় তাঁরা এই শঙ্কার কথা জানিয়েছেন।
এদিকে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সরকারদলীয় সাংসদ আয়েন উদ্দিন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে গতকাল নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
ঝিনাইদহ: জাতীয় পার্টির নেতা এম হারুন-অর রশিদ গতকাল দুপুরে স্বেচ্ছাসেবী সংগঠন সৃজনী বাংলাদেশের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, ক্ষমতাসীন দল-সমর্থিত প্রার্থী ও তাঁর লোকজন আচরণবিধি লঙ্ঘন করে চলেছেন। তাঁরা আনারস প্রতীকের কর্মী ও সমর্থকদের মারপিট করছেন। এমনকি তাঁর জীবননাশের চেষ্টাও হয়েছে। এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেও প্রতিকার পাওয়া যাচ্ছে না। আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী কনক কান্তি দাস আচরণবিধি লঙ্ঘন করে একের পর এক ইউনিয়ন পরিষদের সম্মেলনকক্ষ ব্যবহার করছেন। তিনি সেখানে নির্বাচনী সভা করছেন। মাইক্রোবাস ও মোটরসাইকেল শোভাযাত্রা করছেন। চশমা প্রতীকে প্রকাশ্যে সিল মারার জন্য ভোটারদের চাপ দিচ্ছেন।

এ সময় অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে ভোটের ৭২ ঘণ্টা আগে সেনাবাহিনী, বিজিবি মোতায়েনসহ পর্যাপ্ত নিরাপত্তার দাবি জানান এম হারুন-অর রশিদ।

এ ব্যাপারে আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী কনক কান্তি দাস বলেন, তিনি বা তাঁর কর্মীরা আচরণবিধি লঙ্ঘন করেননি। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ভোট না পাওয়ার আশঙ্কায় মিথ্যা অভিযোগ করছেন।

পিরোজপুর: গত সোমবার রাতে মঠবাড়িয়া প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মহিউদ্দিন মহারাজ। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী শাহ আলমের সমর্থকেরা ভোটারদের ভয় দেখাচ্ছেন। তাঁরা ভোটারদের প্রকাশ্যে আনারস প্রতীকে ভোট দেওয়ার হুমকি দিচ্ছেন। এ ব্যাপারে তিনি প্রধান নির্বাচন কমিশনার বরাবর লিখিত অভিযোগ করেছেন। ভোটের আগে প্রতিটি কেন্দ্রে ম্যাজিস্ট্রেট, র‌্যাব, বিজিবি, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েনের দাবি জানান তিনি। এ সময় বক্তব্য দেন মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক মাতুব্বর।

এদিকে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী আবদুল্লাহ মাসুদ অভিযোগ করেন, চেয়ারম্যান পদপ্রার্থী শাহ আলম পোস্টারে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী লিখে আচরণবিধি লঙ্ঘন করেছেন। গতকাল কাউখালী উপজেলায় তিনি মঞ্চ তৈরি করে মাইক ব্যবহার করে জনসভা করেন এবং খাবার বিতরণ করেন।

এ বিষয়ে আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী মো. শাহ আলম গতকাল মুঠোফোনে বলেন, ‘এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত। ভয় দেখিয়ে তো ভোট পাওয়া সম্ভব নয়। তিনি (মহিউদ্দিন মহারাজ) কেন এসব অভিযোগ করছেন, তা আমি বুঝতে পারছি না।’

জেলা নির্বাচন কর্মকর্তা আরিফুল হক বলেন, কাউখালীতে আচরণবিধি লঙ্ঘন করায় শাহ আলমকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

রাজশাহী: রাজশাহী-৩ আসনের সরকারদলীয় সাংসদ আয়েন উদ্দিনের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের লিখিত অভিযোগ করা হয়েছে নির্বাচন কমিশনে। রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি ভেঙে চেয়ারম্যান পদপ্রার্থী মাহবুব জামানের পক্ষে প্রচারণা চালানোয় এ অভিযোগ করা হয়। গতকাল সকালে রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দিনের কাছে লিখিত অভিযোগ দেন চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আলী সরকার।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, সোমবার দুপুরে মোহনপুর উপজেলার ত্রিমোহনী এলাকায় মৌগাছি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আল-আমিন বিশ্বাসের গুদামচত্বরে একটি নির্বাচনী সভা করেন আয়েন উদ্দিন। ওই সভায় ভোটারদের ডেকে তিনি জেলা পরিষদ নির্বাচনের প্রার্থী মাহাবুব জামানের পক্ষে ভোট চান। পরে ভোটারদের খাওয়াদাওয়ার ব্যবস্থা করেন তিনি।

সহকারী রিটার্নিং কর্মকর্তা শহিদুল ইসলাম অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, প্রথমে কারণ দর্শানো নোটিশ দেওয়া হবে। তারপর ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে কথা বলার জন্য আয়েন উদ্দিনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।