কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নে সুষ্ঠু ভোট হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে পরিচিত হাবিবুর রহমান সংবাদ সম্মেলন করে এমন আশঙ্কার কথা ব্যক্ত করেন।
এ ইউনিয়নে ৩১ মার্চ ভোট অনুষ্ঠিত হবে।
জালালপুর ইউনিয়নের চরনোয়াকান্দি গ্রামের নিজ বাড়িতে ডাকা সংবাদ সম্মেলনে হাবিব অভিযোগ করেন, ক্ষমতাসীন দলের প্রার্থী শাহনেওয়াজ ভূঁইয়া ও তাঁর কর্মী-সমর্থকেরা তাঁকে (হাবিব) নানাভাবে হয়রানি করছেন। প্রচারণা চালাতে দিচ্ছেন না। উঠান বৈঠক করতে বাধা সৃষ্টি করা হচ্ছে। দুই দিন আগে নৌকা প্রতীকের সমর্থকেরা পুরোনো একটি মোটরসাইকেল পুড়িয়ে আবার তাঁরাই মামলা করেছেন। মামলায় হাবিবের সন্তান ও ভাইসহ কর্মী-সমর্থকদের আসামি করা হয়েছে। একজনকে গ্রেপ্তার করে ভীতি ছড়িয়ে দেওয়া হয়েছে। পুলিশি হয়রানির কারণে বর্তমানে হাবিবের কর্মী-সমর্থকেরা বাড়িতে থাকতে পারছেন না। এতে সুষ্ঠু ভোট না হওয়ার আশঙ্কা আরও বেড়ে গেছে বলে মনে করেন হাবিব।
সংবাদ সম্মেলনে হাবিবের কর্মী-সমর্থকেরা উপস্থিত ছিলেন।
অভিযোগ অস্বীকার করে শাহনেওয়াজ ভূঁইয়া বলেন, ‘পরাজয় নিশ্চিত জেনে আগেভাগে এর দায়ভার আমাদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে।’