ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা আইনশৃঙ্খলা রক্ষা কমিটির মাসিক সভায় নয়টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে কি না, সে ব্যাপারে শঙ্কা প্রকাশ করেছেন কমিটির অধিকাংশ সদস্য। গতকাল সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ
সভা হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা নাহিদা হাবিবা। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মইনুল আবেদীন, মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা বেগম প্রমুখ।
কমিটির সদস্যদের মধ্যে উপজেলার শাহবাজপুর ইউপির বর্তমান চেয়ারম্যান ও স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী উসমান উদ্দিন, সদর ইউপির চেয়ারম্যান ও আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী আবদুল জব্বার, চুন্টা ইউপির চেয়ারম্যান ও আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী শেখ হাবিবুর রহমান, শাহজাদাপুর ইউপির চেয়ারম্যান ও আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী রফিকুর ইসলাম, জেলা জাতীয় পার্টির সহসভাপতি ও সদর ইউপির দলীয় চেয়ারম্যান পদপ্রার্থী রহমত হোসেন, কালীকচ্ছ ইউপির চেয়ারম্যান ও বিএনপির প্রার্থী তকদির হোসেন, উপজেলা জাপার সদস্যসচিব ও সদর ইউপির সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবীর প্রমুখ সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট নিয়ে সংশয় প্রকাশ করেন।
এ ছাড়া তাঁরা ২৩ এপ্রিল অনুষ্ঠেয় নয়টি ইউপির নির্বাচন নিয়ে আওয়ামী লীগের জেলা কমিটির সাধারণ সম্পাদক আল মামুন সরকারের মন্তব্যের তীব্র সমালোচনা করেন।
গত ৭ মার্চ সরাইল অন্নদা সরকারি উচ্চবিদ্যালয় মাঠে এক সভায় আল মামুন সরকার মন্তব্য করেছিলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থেকে কী ফেল করতে পারে? নয়টি ইউনিয়নের একটিতেও আওয়ামী লীগ ফেল করবে না। সবখানে নৌকা পাস করবে। তিনি ঘোষণা দেন, ‘১৭ এপ্রিল স্বাধীন বাংলা সরকার গঠনের দিন। সেই দিন উপজেলা সদরে আওয়ামী লীগের আনন্দ মিছিল হবে। এরপর নির্বাচন পর্যন্ত আর কোনো বেটা বাইরে থাকতে পারবে না, সব ঘরে থাকবে। শুধু আমরা মাঠে থাকব।’
আল মামুনের এসব বক্তব্য তুলে ধরার পর গতকালের সভা উত্তপ্ত হয়ে ওঠে।
তবে এ প্রসঙ্গে ইউএনও সৈয়দা নাহিদা হাবিবা বলেন, ‘নির্বাচন নিয়ে যে যাই বলুক; সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করার জন্য আমরা প্রস্তুত রয়েছি।’