কক্সবাজারের নয়টি ইউনিয়ন পরিষদ (সদর উপজেলার চারটি ও রামুর পাঁচটি) নির্বাচনে আজ ভোট। তবে নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে বিএনপির চেয়ারম্যান প্রার্থীদের পাশাপাশি আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীরাও নিজেদের শঙ্কার কথা বলেছেন। তাঁদের আশঙ্কা, ভোটকেন্দ্র দখল হতে পারে। অবশ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন কর্মকর্তারা বলছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী টিপু সুলতান অভিযোগ করেছেন, বিএনপি ও জামায়াতের লোকজন কেন্দ্র দখল করতে পারে। তবে বিএনপির প্রার্থী ও বর্তমান ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন পাল্টা অভিযোগ তুলে বলেন, আওয়ামী লীগের প্রার্থীর লোকজনই প্রভাব খাটিয়ে কেন্দ্র দখল করতে পারে। জামায়াত-সমর্থিত স্বতন্ত্র প্রার্থী মোস্তাফিজুর রহমানও একই অভিযোগ করেন।
খুরুশকুল ইউনিয়নের আওয়ামী লীগের প্রার্থী জসিম উদ্দিন বলেন, ভোটকেন্দ্রে না আসার জন্য সংখ্যালঘু ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। তাঁর প্রতিদ্বন্দ্বী আবদুর রহিম অভিযোগ করেছেন, নৌকার লোকজন ভোটকেন্দ্রগুলো দখলের পাঁয়তারা করছে।
পিএমখালী ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী নাজেম উদ্দিন তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিরুদ্ধে টাকা দিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ এনেছেন। এই ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী দেলোয়ার হোসেন গত বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলন ডেকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। তিনি বলেন, সন্ত্রাসীদের অস্ত্রের মহড়া, কালোটাকার ছড়াছড়ির কারণে ভোট হবে না।
কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. আসলাম হোসেন বলেন, এই চারটি ইউনিয়নে ৪২টি কেন্দ্রের মধ্যে ৩০টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ভোটকেন্দ্র দখল বা ব্যালট ছিনতাইয়ের সুযোগ কাউকে দেওয়া হবে না।
রামু উপজেলার পাঁচটি ইউনিয়নের ৪৫টি কেন্দ্রের মধ্যে সব কটিকে ঝুঁকিপূর্ণের তালিকায় রেখেছে পুলিশ। রামু থানার ওসি প্রভাষ চন্দ্র ধর বলেন, ভোটকেন্দ্রগুলোতে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।