সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে জেলা বিএনপি। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শহরের মোড়াইল এলাকার বিএনপির মেয়র পদপ্রার্থী হাফিজুর রহমান মোল্লার বাসভবনে এক সংবাদ সম্মেলনে এই আশঙ্কা করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লা। তিনি নির্বাচনের আগে বিএনপির নেতা-কর্মীদের গণহারে গ্রেপ্তার, পুলিশি হয়রানি, আওয়ামী লীগের প্রার্থীর নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও নির্বাচন কমিশনের নীরব ভূমিকা পালনসহ নানা অভিযোগ তুলে ধরেন। তিনি বলেন, আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিভিন্ন জনসভায় বক্তব্য দিচ্ছেন, ‘মেয়র পদে প্রকাশ্য ভোট দেবে, কাউন্সিলরের ভোট হবে গোপনে।’ তাঁদের এই বক্তব্য থেকে আশঙ্কা করা যায়, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না।
জেলা বিএনপির সভাপতি আরও বলেন, নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে এ পর্যন্ত বিএনপির ৪৪ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছেন। গত ১১ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ, যুবলীগ, পুলিশ ও মাদ্রাসা ছাত্রদের সংঘর্ষের ঘটনায় মামলা ও ১২ জানুয়ারির ঘটনার মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে। অথচ বিএনপির নেতা-কর্মীরা এসব ঘটনার কোনোভাবেই জড়িত নন। তিনি বলেন, ‘পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের পর থেকেই দলীয় নেতা-কর্মীদের গ্রেপ্তার ও হয়রানির ভয়ে আমি গণসংযোগ করতে পারছি না।’ তিনি আরও বলেন, ‘বিএনপির নেতা-কর্মীরা যেদিনই আমার সঙ্গে গণসংযোগে নামেন সেদিন রাতেই পুলিশ তাঁদের বাড়ি ঘেরাও করে।’
পুলিশ ও নির্বাচন কমিশনের নীরব ভূমিকার কথা তুলে ধরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক বলেন, আওয়ামী লীগের নেতা-কর্মীরা স্লোগানসহ মোটরসাইকেল মিছিল বের করেন। পুলিশ তখন নির্বিকার থাকে। বিএনপির অনেক নেতা-কর্মীকে ধরে নিয়ে মুচলেকার মাধ্যমে আওয়ামী লীগের পক্ষে কাজ করার জন্যও বাধ্য করছে পুলিশ।
এক প্রশ্নের জবাবে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, গ্রেপ্তার আতঙ্কে বিএনপির নেতা-কর্মীরা এজেন্ট হতেও ভয় পাচ্ছেন। তাঁদের ভয় এজেন্ট হলে নির্বাচনের দিন পুলিশ তাঁদের আটক করে ১১ ও ১২ জানুয়ারির মামলায় গ্রেপ্তার দেখাবে। এরপরও এজেন্ট হওয়ার জন্য নেতা-কর্মীদের রাজি করানো হচ্ছে। শেষ পর্যন্ত ভোটের দিন এজেন্টদের কেন্দ্রে নেওয়া যাবে কি না, এই শঙ্কা করছে বিএনপি।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি খালেদ হোসেন মাহবুব, যুগ্ম সম্পাদক আনিসুর রহমান, সাবেক দপ্তর সম্পাদক এ বি এম মমিনুল হক, জেলা যুবদলের আহ্বায়ক মনির হোসেন প্রমুখ।