শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় প্রথম ধাপে ১২টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন ২২ মার্চ অনুষ্ঠিত হবে। ভোটারদের মধ্যে নির্বাচন নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। তবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কায় আছেন বিএনপি, স্বতন্ত্র ও বিদ্রোহী চেয়ারম্যান পদপ্রার্থীরা। সুষ্ঠু ভোটের জন্য কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে রিটার্নিং কর্মকর্তাদের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন অধিকাংশ প্রার্থী।
উপজেলা নির্বাচন কার্যালয় ও প্রার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১২টি ইউপিতে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আওয়ামী লীগ থেকে ১২ জন, বিএনপির ১২ জন, আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ হিসেবে নয়জন, বিএনপির ‘বিদ্রোহী’ ছয়জন, স্বতন্ত্র হিসেবে ১২ জনসহ জাতীয় পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) থেকে একজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে প্রচার-প্রচারণায় শেষ পর্যায়ে এসে অধিকাংশ প্রার্থীই ভোটে জয়-পরাজয় নিয়ে ভাবছেন না। তাঁরা সুষ্ঠু নির্বাচন ও ভোটকেন্দ্রের নিরাপত্তা নিয়ে শঙ্কায় রয়েছেন।
কলসপাড় ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী বিল্লাল হোসেন বলেন, ‘নৌকার কর্মীরা নির্বাচনের দিন অন্য কোনো প্রার্থীকে ভোটকেন্দ্রে ঢুকতে দেবে না বলে হুমকি দেওয়ায় গত শুক্রবার সন্ধ্যায় ভোটকেন্দ্রের নিরাপত্তা চেয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছি। আমরা সুষ্ঠু নির্বাচন চাই।’
রূপনারায়ণকুড়া ইউপির স্বতন্ত্র চেয়াম্যান পদপ্রার্থী মো.মঞ্জুর আল মামুন বলেন,‘ওয়ার্ডে ওয়ার্ডে আমার কর্মীদের তালিকা করা হয়েছে। সংঘর্ষ হলেই এঁদের বিরুদ্ধে মামলা দেওয়া হবে। গত শুক্রবার নৌকার প্রার্থী সাড়ে ৩০০ বইঠা বানিয়েছেন। ওই বৈঠা দিয়ে তাঁরা অপর প্রার্থীর কর্মী-সমর্থকদের ভয় দেখাবেন।’
নালিতাবাড়ী ইউপিতে বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী মিজানুর রহমান বলেন, ‘মনে হয় না সুষ্ঠু নির্বাচন হবে। আমার কর্মীরা রাতে পোস্টার লাগায় আর সকালে সেগুলো ছিঁড়ে ফেলা হয়। নৌকার প্রার্থী দলীয় প্রভাবের কারণে আমার কর্মীদের ভয় দেখাচ্ছে।’
রামচন্দ্রকুড়া ইউপিতে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ চেয়াম্যান পদপ্রার্থী খোরশেদ আলম বলেন, ‘নৌকার প্রার্থী ও কর্মীরা আমার কর্মীদেরও ভয় দেখাচ্ছেন। অহেতুক কারণে আমার তিন কর্মীকে মারধর করেছেন। এ ব্যাপারে শুক্রবার রাতে থানায় মামলা করেছি।’
মরিচপুরান ইউপিতে বিএনপির চেয়ারম্যান প্রার্থী মো.আয়ুব আলী সরকার বলেন, ‘নৌকার কর্মী-সমর্থকেরা আমার কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেবে বলে হুমকি দিচ্ছেন। এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। জয়-পরাজয় নির্ভর করবে সুষ্ঠু নির্বাচনের ওপর। কিন্তু হুমকি-ধমকির কারণে সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কায় রয়েছি।’
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মোক্তার হোসেন বলেন, ‘নির্বাচন পরিচালনার জন্য চারজন রিটার্নিং কর্মকর্তা রয়েছেন। সুষ্ঠু ভোটের জন্য প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করা হয়েছে। কয়েকজন প্রার্থীর দেওয়া অভিযোগ পাওয়া গেছে। আশা করছি, কোনো সমস্যা হবে না।’
উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ গোপাল চন্দ্র সরকার আওয়ামী লীগের প্রার্থীদের ও তাঁদের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে আনা অপর প্রার্থীদের হুমকি-ধমকি ও ভয় দেখানের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘দলীয় প্রার্থীদের জন্য উপজেলা আওয়ামী লীগ একযোগে কাজ করছে। দলীয় প্রার্থীদের ইমেজ নষ্ট করতে বিরোধীরা অপপ্রচার চালাচ্ছেন। তবে ২২ মার্চ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সাঈদ মোল্লা বলেন, প্রার্থীদের শঙ্কার কোনো কারণ নেই। নির্বাচন সুষ্ঠু ও অবাধ করতে পুলিশ, র্যা ব, বিজিবি ও আনসার সদস্যদের সমন্বয়ে ভোটকেন্দ্রে নিরাপত্তার ব্যবস্থা করা হবে। এ ছাড়া ইউনিয়ন ভাগ করে একাধিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।