সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কায় প্রার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থীদের দাবির মুখে খুলনার পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বদলি করায় সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেছেন অন্য প্রার্থী ও ভোটাররা। গত বৃহস্পতিবার ওই ইউএনওকে বদলি করা হয়।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ভোটার বলেন, ইউএনও কবির উদ্দিন এখানে যোগ দেওয়ার পর সুষ্ঠুভাবে উপজেলা ও পৌরসভা নির্বাচন অনুষ্ঠান করেন। তাঁর কঠোর অবস্থান ও নিরপেক্ষ ভূমিকার কারণে ওই দুটি নির্বাচনই সবার কাছে গ্রহণযোগ্য হয়। এ কারণে ইউপি নির্বাচনেও আস্থার প্রতীক ছিলেন তিনি। আওয়ামী লীগ নেতাদের চাপে তাঁকে বদলি করায় অন্য চেয়ারম্যান প্রার্থীরা হতাশ হয়ে পড়েছেন। শেষ পর্যন্ত মাঠে টিকে থাকা নিয়েও তাঁরা শঙ্কিত।
কপিলমুনি ইউনিয়নের বিএনপির চেয়ারম্যান প্রার্থী শাহদাৎ হোসেন বলেন, ‘আওয়ামী লীগের প্রার্থী ও তাঁর সমর্থকদের চাপে আছি। আমাদের নেতা-কর্মীরা প্রতিনিয়ত তাঁদের হামলা ও হুমকির শিকার হচ্ছেন। আগের ইউএনওর সময়ে গত দুটি নির্বাচন অনেক স্বচ্ছ হয়েছে। এ কারণে আমাদের আস্থা ছিল এ নির্বাচনও স্বচ্ছ ও নিরপেক্ষ হবে। কিন্তু যেভাবে ইউএনওকে বদলি করা হয়েছে তাতে হতাশই হতে হচ্ছে।’
লতা ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী চিত্ত রঞ্জন মণ্ডল বলেন, আগের ইউএনও অত্যন্ত নিরপেক্ষভাবে কাজ করতেন। তিনি যেভাবে চলে গেছেন তাতে ভোটারদের মধ্যেও হতাশা তৈরি হয়েছে। তাঁর সময়ে নিরপেক্ষ নির্বাচনের একটি সুন্দর পরিবেশ ছিল।
লস্কর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী আবদুল করিম গাইন, গদাইপুর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী গাজী জোনায়েদুর রহমানসহ কয়েকজন প্রার্থী বলেন, আওয়ামী লীগের প্রার্থীদের চাপে নতুন ইউএনও এসেছেন। তিনি নির্বাচন কতটুকু সুষ্ঠু করতে পারবেন তা নিয়ে সংশয় রয়েছে। উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক গাজী মোহাম্মদ আলী বলেন, প্রশাসন ভালো মনে করে ইউএনওকে বদলি করেছে। এতে নির্বাচনে প্রভাব পড়বে না।
ভোটাররা বলেন, বদলি হওয়ার আগে ইউএনও কবির উদ্দিন বিভিন্ন ইউনিয়ন ঘুরে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আওয়ামী লীগ দলীয় প্রার্থীসহ অনেককে জরিমানা করেন। ১০ মার্চ রাত আটটার দিকে কপিলমুনি ইউনিয়নে জেলা আওয়ামী লীগ নেতাদের নিয়ে সমাবেশে বাধা দেন তিনি। প্রচারণায় বাধা ও আলোকসজ্জিত নৌকা প্রতীক ভাঙচুর করার অভিযোগ তুলে ১৪ মার্চ থেকে উপজেলার আওয়ামী লীগের নেতা-কর্মীরা ইউএনওর বিরুদ্ধে আন্দোলন শুরু করেন। নতুন ইউএনও আবুল আমিন বলেন, আগের ইউএনও যে পরিপ্রেক্ষিতে চলে গেছেন তা নিয়ন্ত্রণে চলে এসেছে। আশা করি উপজেলায় সুষ্ঠু, অবাধ নিরপেক্ষ ও সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারব। প্রশাসনকেও এভাবে নির্দেশনা দেওয়া আছে।