সুষ্ঠু ভোট নিয়ে সংশয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

নবাবগঞ্জ থেকে সেকশন পাকা সেতু পেরোলেই রসুলপুর সড়ক। সড়ক বললে ভুল হবে, পাড়াগাঁয়ের এবড়োখেবড়ো পথ। এখানে-সেখানে আবর্জনার স্তূপ। ১০ ফুটের রাস্তায় রিকশারও চলতে কষ্ট। মনে হয়, এই বুঝি গেল উল্টে!
সেতুর নিচে বুড়িগঙ্গা নদীর শাখা। নদীর শাখা না নর্দমা? পানি দেখা যায় না, বারোয়ারি বর্জ্যে ঢাকা।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫৬ নম্বর ওয়ার্ডের শুরুটা এভাবেই। কামরাঙ্গীরচরের দক্ষিণ, পূর্ব ও পশ্চিম রসুলপুর, পূর্ব ও পশ্চিম বড়গ্রাম, ইসলামনগর, আলীনগর, হুজুরপাড়া এবং পশ্চিম আশ্রাফাবাদ নিয়ে এই ওয়ার্ড। ভোটার ৫৯ হাজার ৫৮২ জন।
প্রায় দুই লাখ মানুষ নিয়ে ঘনবসতিপূর্ণ এলাকা। কিন্তু এই বিশাল জনগোষ্ঠী শুধু আবর্জনাময় পরিবেশ নয়, সব ধরনের নাগরিক সেবা থেকেই প্রায় বঞ্চিত। প্রায় ৬০ শতাংশ বাসিন্দা ভাড়াটিয়া। বেশির ভাগ নিম্ন আয়ের মানুষ। তাঁদের সমস্যার অন্ত নেই। কিন্তু প্রার্থীরা ভোটে জেতার জন্য অসাধ্য বিষয়ও সমাধানের আশ্বাস দিচ্ছেন বলে জানান এলাকাবাসী।
গত শুক্রবার সকালে ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঘুরে জানা যায়, এখানে এক-একটি বাড়িতে পাঁচ থেকে ৫০টি ভাড়াটিয়া পরিবারের বসবাস। শীতকালে তো গ্যাস প্রায় থাকেই না, এখন গরমেও সমস্যা। ভাড়াটিয়াদের লাইনে দাঁড়িয়ে পালাক্রমে রান্না করতে হয়। পূর্ব ইসলামনগর এলাকার গৃহবধূ ফারজানা হোসেন জানান, দিনের বেলায় গ্যাস থাকে না বললেই চলে। অনেক সময় মধ্যরাতেও ঘুম থেকে উঠে রান্না করতে হয়।
নিজেদের নানা সমস্যার কথা তুলে ধরলেন বড়গ্রামের আবদুল আজিজ, দক্ষিণ রসুলপুরের রহমতউল্লাহ, আলীনগরের মনোয়ার হোসেন, আশ্রাফাবাদের ইমরান উদ্দিনসহ আরও কয়েকজন। তাঁদের একজন ক্ষিপ্তভাবেই বলেন, ‘কোন সমস্যাটি নেই বলেন? রাস্তা দেখছেন? মশার উৎপাত। কথা বলতে গেলেই মুখে ঢুকে পড়ে। পয়োনালা নেই। রাস্তায় বাতি নেই। সন্ধ্যা নামলেই বিরাজ করে ভুতুড়ে পরিবেশ। তখন খোলা রাস্তাতেই চলে মাদকাসক্ত ও বখাটেদের তাণ্ডব।’
আলীনগরের সুলতান আহমেদ দুঃখ করে বললেন, এমনই একটি অবহেলিত এলাকা যে ছেলেমেয়ের পড়াশোনার জন্য ভালো একটি স্কুল, কলেজ পর্যন্ত নেই।
এলাকার এত সব সমস্যা পুঁজি করেই কাউন্সিলর প্রার্থীদের প্রচারণা।
এখানে আওয়ামী লীগের চারজন নির্বাচনের মাঠে আছেন। দলীয় সমর্থন পেয়েছেন কামরাঙ্গীরচর থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন। এ ছাড়া লড়ছেন থানা আওয়ামী লীগের সহসভাপতি মো. শাহ আলী, স্থানীয় নেতা মো. মোশাররফ হোসেন খান ও মোহাম্মদ আবদুল মোতালেব মিয়া।
এখানে বিএনপির হয়ে লড়ছেন কামরাঙ্গীরচর থানা বিএনপির সদস্যসচিব মোহাম্মদ নাইম। তবে প্রথমে দল থেকে সমর্থন দেওয়া হয় তাঁরই আপন বড় ভাই আবদুল বাতেনকে। কিন্তু তাঁর বিরুদ্ধে মামলা হওয়ায় তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান। মোহাম্মদ নাইমের বিরুদ্ধেও মামলা আছে। তাই তিনি গা-ঢাকা দিয়ে আছেন। তাঁর পক্ষে কাজ করছেন বড় ভাই আবদুল বাতেন।
আবদুল বাতেনের অভিযোগ, ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা তাঁর ভাইয়ের ব্যানার-পোস্টার ছিঁড়ে ফেলছেন। পুলিশ ও প্রশাসন তা দেখেও দেখে না। তবে কামরাঙ্গীরচর থানা-পুলিশ বলছে, তাদের কাছে কেউ এ ধরনের অভিযোগ নিয়ে আসেনি।
এ অবস্থায় সুষ্ঠু ভোট নিয়ে সংশয়ে আছেন সাধারণ ভোটাররা। রসুলপুর এলাকার এক ভোটার বলেন, ‘আমরা ভোট দিতে চাই। কিন্তু কেন্দ্রে যেতে পারব কি না তা নিয়ে সংশয় আছে।’ একই কথা বলেন আরও কয়েকজন ভোটার। তাঁদের আশঙ্কা, সরকারদলীয় লোকজনের কারণে শেষ পর্যন্ত সুষ্ঠু ভোট নাও হতে পারে।
বিএনপির প্রার্থী মাঠে না থাকলেও প্রচারণা নিয়ে দারুণ ব্যস্ত আওয়ামী লীগের সমর্থন পাওয়া মোহাম্মদ হোসেন। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন তিনি। এলাকার সমস্যা নিয়ে তিনি বলেন, ৫৬ নম্বর ওয়ার্ডটি অতীতে সুলতানগঞ্জ ইউনিয়নের অধীনে ছিল। তাই এটি সব দিক দিয়ে অবহেলিত। নির্বাচিত হলে তিনি প্রথমেই এলাকার মূল সমস্যা ভাঙা রাস্তাঘাট মেরামত ও গ্যাস সমস্যার সমাধান করবেন।
নির্বাচনে জয়ের ব্যাপারে অনেক আস্থাশীল আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. শাহ আলী। তাঁর ভাষ্য, বিগত দিনের রাজনৈতিক বিবেচনায় এই ওয়ার্ডের কাউন্সিলর পদে তাঁকেই জয়ী করা উচিত। নির্বাচিত হলে জনগণকে সঙ্গে নিয়ে সমস্যার সমাধান করবেন।
এই ওয়ার্ডে আরও প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বতন্ত্র আলী আহমদ, ইসলামী আন্দোলনের মো. ইয়াকুব হোসেন ও জাকের পার্টির হাফেজ সরকার। তাঁরাও গণসংযোগে ব্যস্ত।