ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দুটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপি ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা। আওয়ামী লীগের প্রার্থীদের সমর্থকেরা প্রকাশ্যে ভোট দেওয়ার হুমকি দেওয়ায় তাঁরা সুষ্ঠু ভোট নিয়ে এ শঙ্কার কথা জানান। এ বিষয়ে ব্যবস্থা নিতে বিএনপির দুই প্রার্থী রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েছেন।
রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সীমানা-সংক্রান্ত জটিলতায় উপজেলার দরিয়াদৌলত ও আইয়ুবপুর ইউনিয়নে গত বছর নির্ধারিত সময়ে নির্বাচন হয়নি। আগামী রোববার এ দুটি ইউপিতে নির্বাচন হবে। এতে দরিয়াদৌলত ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী শরিফুল ইসলাম নৌকা, বিএনপির প্রার্থী মো. হানিফ মিয়া ধানের শীষ, আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী আবদুল খালেক আনারস ও রবিউল আউয়াল টেবিল ফ্যান এবং আইয়ুবপুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মো. নজরুল ইসলাম নৌকা, বিএনপির প্রার্থী মনির হোসেন ধানের শীষ ও আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ আশাদুজ্জামান হক আনারস প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
দরিয়াদৌলত ইউনিয়নে বিএনপির প্রার্থী হানিফ মিয়া অভিযোগ করেন, ‘আমাদের ইউনিয়নের নৌকা প্রতীকের সমর্থকেরা বুথের ভেতরে ভোট না নিয়ে প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল দেবে বলে হুমকি দিচ্ছে। তাই গোপন ব্যালটে বুথের ভেতরে গিয়ে যেন ভোটাররা ভোট দিতে পারে, সেই ব্যবস্থা নেওয়ার জন্য রিটার্নিং কর্মকর্তার কাছে আমি লিখিত একটি অভিযোগ দিয়েছি।’
এ বিষয়ে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী আবদুল খালেক বলেন, ‘আমার সামনেই আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকেরা ভোটারদের হাতে চেয়ারম্যানের ব্যালট না দিয়ে নৌকা প্রতীকের লোকজন নিয়ে সিল দিয়ে দেওয়ার কথা বলছে। বিষয়টি আমি রিটার্নিং কর্মকর্তাকে মৌখিকভাবে জানিয়েছি।’
এ অভিযোগের বিষয়ে আওয়ামী লীগের প্রার্থী শরিফুল ইসলাম বলেন, ‘ভোটারদের হাতে ব্যালট না দিয়ে প্রকাশ্যে নৌকা প্রতীকে কেউ সিল মারবে এমন কথা আমি শুনিনি, কেউ যদি তা বলে থাকে, তা মিথ্যা কথা।’
আইয়ুবপুর ইউনিয়নের বিএনপির প্রার্থী মনির হোসেন অভিযোগ করেন, ‘আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকেরা পেশিশক্তি ব্যবহার করে নৌকা প্রতীকে সিল মারার ঘোষণা দিয়েছে। এ ছাড়া তারা ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের ভোট কেটে (ব্যালট নষ্ট করার) ফেলার এবং ভোটকেন্দ্রে এজেন্ট দিলে তাদের বের করে দেওয়ার হুমকি দিচ্ছে।’
আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী আশাদুজ্জামান হক বলেন, ‘নৌকা প্রতীকের কিছু সমর্থক আমাকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে হুমকি দিচ্ছে এবং আমার সমর্থকদের কেন্দ্রে যেতে দেবে না বলে হুমকি দিচ্ছে। আমি এই বিষয়ে রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিব।’
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ও মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে শঙ্কা প্রকাশ করেন ওই দুই ইউপির দুজন চেয়ারম্যান প্রার্থী।
গতকাল বৃহস্পতিবার বেলা তিনটায় মতলব দক্ষিণ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আইনশৃঙ্খলাসংক্রান্ত এক সভায় ওই চেয়ারম্যান প্রার্থীরা এই শঙ্কার কথা জানান। জেলা নির্বাচন কার্যালয় এই সভার আয়োজন করে। ১৬ এপ্রিল সুলতানাবাদ ও খাদেরগাঁও ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।
সুলতানাবাদ ইউপির নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আমিরুল ইসলাম অভিযোগ করেন, তাঁর ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মঞ্জুর মোর্শেদের কর্মীরা তাঁকে ও তাঁর কর্মীদের কয়েক দিন ধরে নানাভাবে হুমকি দিচ্ছেন। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। এ কারণে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান নিয়ে তিনি শঙ্কিত।
মঞ্জুর মোর্শেদ বলেন, এসব অভিযোগ ভিত্তিহীন। তিনি বা তাঁর লোকেরা আওয়ামী লীগের প্রার্থী ও তাঁর লোকদের কোনোভাবেই হুমকি দেননি। প্রচারকাজেও বাধা দেননি।
খাদেরগাঁও ইউপির নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী আবদুল হাই অভিযোগ করেন, ওই ইউপির নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী সৈয়দ মঞ্জুর হোসেনের কর্মীরা তাঁর লোকদের প্রচার চালাতে দিচ্ছেন না। গতকাল দুপুর নাগাদ এলাকায় প্রচার চালাতে গেলে তাঁর কর্মীদের মারধর এবং ১৫-১৬টি মাইক ভাঙচুর করেন ওই চেয়ারম্যান প্রার্থীর কর্মীরা। তাঁকে নির্বাচন থেকে সরে যেতে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হবে কি না, এ ব্যাপারে তিনি শঙ্কিত।
অভিযোগের ব্যাপারে সৈয়দ মঞ্জুর হোসেন বলেন, তিনি বা তাঁর লোকেরা কোনো প্রার্থীকেই প্রচারকাজে বাধা দিচ্ছেন না। প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তাঁর লোকদের মারধর করেননি। মাইক ভাঙচুরের ঘটনা সত্য নয়। কাউকে হুমকি দেওয়ার বিষয়টিও ভিত্তিহীন।
এ বিষয়ে জেলা প্রশাসক আবদুস সবুর মণ্ডল বলেন, প্রার্থীদের অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে। যেকোনো মূল্যে ওই নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু করা হবে। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।