সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা ভোটারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বরগুনার দুটি আসনে প্রচারণার শেষ দুই দিনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রচারণা ও গণসংযোগে উত্তেজনা বাড়লেও ভোটাররা নিরপেক্ষ ভোট অনুষ্ঠান নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। দুটি আসনেই আওয়ামী লীগ প্রার্থীর নৌকা প্রতীকের সঙ্গে স্বতন্ত্র প্রার্থীর মোরগ প্রতীকের লড়াই হবে।
বরগুনা-১ (সদর-আমতলী-তালতলী) আসনে আওয়ামী লীগের বর্তমান সাংসদ ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সঙ্গে আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা ও সাবেক সাংসদ দেলোয়ারের নির্বাচনী লড়াই জমে উঠেছে। এই আসনের বেশ কয়েকজন ভোটার বলেছেন, যদি তাঁরা দেখতে পান ভোট সুষ্ঠু হচ্ছে, তবে অবস্থা বুঝে কেন্দ্রে যাবেন। আর যদি মনে করেন ভোট দিলেও ফলাফল যা হবার তা-ই হবে তাহলে ঘরে বসে থাকবেন। তবে যে আলামত দেখা যাচ্ছে, তাতে সুষ্ঠু ভোট হওয়ার সম্ভাবনা কম।
ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও দেলোয়ার হোসেনের পক্ষে প্রচারণার শেষ মুহূর্তে কর্মী-সমর্থকদের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। ধীরেন্দ্র দেবনাথ পুনরায় জয়ী হতে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। গত বুধবার তিনি প্রথম আলোকে বলেন, বরগুনায় একটি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, ক্যাডেট কলেজ প্রতিষ্ঠা, পায়রা নদীর ওপর সেতু, তালতলীতে ৮০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র নির্মাণ এবং জেলার পর্যটনশিল্পের উন্নয়নে তিনি আগামী দিনে কাজ করতে চান। এ জন্য তিনি আবারও সুযোগ চান।
দেলোয়ারও ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং এলাকাকে সন্ত্রাস ও দুর্নীতির রাহুমুক্ত করার প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা চালাচ্ছেন। দেলোয়ার প্রথম আলোকে বলেন, ‘সুষ্ঠুভাবে ভোট হলে আমার জয় নিশ্চিত। কিন্তু ভোটাররা নিরপেক্ষভাবে ভোট দিতে পারবেন কি না, এ নিয়ে সংশয়ে আছি। কারণ এই আসনের তিনটি উপজেলায় যেসব কেন্দ্র আছে সেখানে পোলিং ও প্রিসাইডিং কর্মকর্তাদের নিয়োগ দেওয়ার জন্য সরকারি দলের সাংসদ তালিকা দিয়েছেন এবং তাঁদের নৌকার পক্ষে কেন্দ্রে কাজ করার নির্দেশনা দিয়েছেন। এ ছাড়া বেশ কয়েকটি ইউনিয়নের চেয়ারম্যানরা কমপক্ষে ৪০টি ভোটকেন্দ্র নিয়ন্ত্রণে নিয়ে ‘ফ্রি স্টাইলে’ ভোট দিয়ে আমাদের জয় ঠেকিয়ে দেওয়ার পরিকল্পনা করেছেন। এ ক্ষেত্রে প্রশাসন কতটা নিরপেক্ষ থাকবে, তা নিয়ে আমাদের শঙ্কা আছে।’ অবশ্য ধীরেন্দ্র দেবনাথ বলেন, দেলোয়ারের এসব অভিযোগ মিথ্যা ও মনগড়া। নির্বাচন সুষ্ঠু হবে এবং তাতে কোনো প্রভাব বিস্তার করা হবে না।
বরগুনা-২ (বামনা-বেতাগী-পাথরঘাটা) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শওকত হাচানুর রহমানের বিপক্ষে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবুল হোসেন সিকদার মোরগ প্রতীক নিয়ে লড়ছেন। এতে স্থানীয় আওয়ামী লীগে দ্বিধা-বিভক্তি দেখা দিয়েছে। শওকত হাচানুর বলেন, ‘কিছু নেতা দলের বিপক্ষে কাজ করলেও ভোটারদের মধ্যে এর কোনো প্রভাব পড়বে না। আমি আশাবাদী, এলাকার ভোটারেরা আমাদের বিমুখ করবেন না।’ জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বিদ্রোহী প্রার্থী অতীশ দীপঙ্কর ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবুল হোসেন শিকদার ব্যাপক প্রচারণা চালাচ্ছেন। তাঁর সমর্থকেরা মনে করছেন, আওয়ামী লীগের প্রার্থীকে কঠিন প্রতিদ্বন্দ্বিতার সন্মুখীন হতে হবে। এ আসনে গণফ্রন্ট প্রার্থী মো. কামরুজ্জামান মাছ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও তাঁর পক্ষে কোনো প্রচারণা নেই।
জেলা নির্বাচন কর্মকর্তা হেলাল উদ্দিন জানান, বরগুনা-১ আসনে ভোটারসংখ্যা তিন লাখ ৫৯ হাজার ৪৪৬। ভোটকেন্দ্র ১৭৬টি। বরগুনা-২ আসনে ভোটার দুই লাখ ৩১ হাজার ৫২৪ এবং ভোটকেন্দ্র ১১২টি।