সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কায় বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৭ বছর পর বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৩ মে। নির্বাচনী তফসিল ঘোষণার পর প্রার্থী ও ভোটারদের মধ্যে সর্বত্র উৎসাহ ও আমেজ দেখা গেলেও নির্বাচনের দিনটি যতই ঘনিয়ে আসছে, বিএনপির প্রার্থী, কর্মী ও ভোটারদের ততই শঙ্কা পেয়ে বসছে।
বিএনপির প্রার্থী ও কর্মীদের অভিযোগ, ক্ষমতাসীন দলের চেয়ারম্যান প্রার্থী বহিরাগত, সর্বহারা ও সন্ত্রাসীদের নিয়ে প্রচারণা চালানোর পাশাপাশি তাঁদের প্রচারণায় বাধা দেওয়া, হামলা করাসহ নানান হুমকি দিচ্ছেন। এতে বিএনপির প্রার্থী, কর্মী ও সমর্থকদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
সরেজমিনে গতকাল শুক্রবার স্থানীয় লোকজন, ভোটার, প্রার্থী ও বিএনপির কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সীমানাসংক্রান্ত জটিলতায় ১৭ বছর ধরে শিকারপুর ইউনিয়নে নির্বাচন স্থগিত ছিল। গত ১৮ এপ্রিল নির্বাচনী তফসিল ঘোষণার পর এলাকার সর্বত্র নির্বাচনী আমেজ তৈরি হয়।
উজিরপুর উপজেলা নির্বাচন অফিসার মো. জসিম উদ্দিন বলেন, আসন্ন নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী হয়েছেন শিকারপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. সরোয়ার হোসেন। আর বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন ইউনিয়ন যুবদলের সভাপতি মীর কামরুজ্জামান। এ নির্বাচনে সাধারণ সদস্যপদে ৩৬ জন ও সংরক্ষিত মহিলা সদস্যপদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা হবে ধানের শীষ ও নৌকা প্রতীক প্রার্থীর মধ্যে।
উজিরপুর উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. সোহেল হাওলাদার (৪০) অভিযোগ করে বলেন, গত বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে তিনি ইচলাদী বাসস্ট্যান্ডে পৌঁছালে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সরোয়ার হোসেনের ভাড়াটে একদল সন্ত্রাসী তাঁর ওপর হামলা চালায়। সন্ত্রাসীরা তাঁকে পিটিয়ে আহত করে মাথায় অস্ত্র ঠেকিয়ে নির্বাচনী মাঠ ছাড়তে বলে, অন্যথায় প্রাণনাশের হুমকি দেয়। শিকারপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবদুস সাত্তার মল্লিক (৫৫), উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুর রব মিয়া (৫২), ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম সালেকের (৫০) অভিযোগ, সরকারদলীয় চেয়ারম্যান প্রার্থীর ভাড়াটে সশস্ত্র সন্ত্রাসীরা রাতে তাঁদের বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে।
ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, গত বৃহস্পতিবার রাতে অজ্ঞাতনামা একদল সন্ত্রাসী তাঁর বাড়ি গিয়ে তাঁকে এলাকা ছাড়তে বলে, অন্যথায় হত্যার হুমকি দেয়। ধানের শীষ প্রতীকের কর্মী ও যুবদল নেতা মো. মাইনুল ইসলাম (৩০), মেহেদী হাসান (২২) ও ইমরান হোসেন (২৩) অভিযোগ করেন, তাঁরা উঠান বৈঠক শেষে বাড়ি ফেরার পথে নৌকা প্রতীকের একদল সন্ত্রাসী জয় বাংলা স্লোগান দিয়ে তাঁদের ওপর হামলা চালায় এবং পিটিয়ে কুপিয়ে তাঁদের ১০ জনকে আহত করেছে।
বিএনপির চেয়ারম্যান প্রার্থী মীর কামরুজ্জামান অভিযোগ করেন যে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সন্ত্রাসীরা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে শত শত মোটরসাইকেলে মহড়া দিয়ে বিএনপির নেতা-কর্মী ও ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভয়ভীতি প্রদর্শন ও নানান হুমকি দিচ্ছে। তিনি বলেন, ‘আমাদের কোথাও উঠান বৈঠক করতে দিচ্ছে না। গতকাল শুক্রবার সকালে ৫ নম্বর ওয়ার্ডের শামছুল হক হাওলাদারের বাড়িতে উঠান বৈঠক ছিল, সেখানে হামলা করে তা পণ্ড করে দেয়। এ ছাড়া ৯ নম্বর ওয়ার্ডে আমার কর্মী-সমর্থকদের প্রচারণায় বাধা দিয়ে তাঁদের মারধর করে বের করে দেয়। আচরণবিধি লঙ্ঘন ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয়ে রিটার্নিং অফিসারের কাছে একাধিকবার লিখিত অভিযোগ দেওয়ার পরও তিনি কোনো ব্যবস্থা নেননি।’
আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মো. সরোয়ার হোসেন সব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘বিএনপির প্রার্থীর অভিযোগের কোনো সত্যতা নেই। ভরাডুবি নিশ্চিত জেনে তিনি মিথ্যাচার চালাচ্ছেন। আমার কোনো সন্ত্রাসী দরকার হয় না, এলাকার হাজার হাজার ভোটারই আমার শক্তি।’
এ প্রসঙ্গে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মজিদ শিকদার বলেন, ‘বিএনপি একটি সন্ত্রাসী দল। তারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং নিজেদের ব্যর্থতা ঢাকতেই আমাদের আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে।’
অভিযোগ সম্পর্কে জানতে চাইলে, উজিরপুর উপজেলা নির্বাচন ও রিটার্নিং অফিসার মো. জসিম উদ্দিন বলেন, ‘আচরণবিধি লঙ্ঘনের কোনো অভিযোগ আমি পাইনি। অবাধ-সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’
উজিরপুর মডেল থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় আছে, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিএনপির প্রার্থী, কর্মী ও সমর্থকেরা গৎবাঁধা অভিযোগ করেছেন, যার কোনো ভিত্তি নেই।