পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) পদমর্যাদা তিন তারকা জেনারেলের সমান দাবি করেছেন পুলিশের কর্মকর্তারা। এ ছাড়া বিমানবন্দরগুলোর নিরাপত্তার জন্য বিশেষায়িত আর্মড পুলিশ, পুলিশ মেডিকেল সার্ভিস এবং পৃথক পুলিশ প্রকৌশল বিভাগ গঠনের প্রস্তাব করেন তাঁরা।গতকাল বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শীর্ষস্থানীয় পুলিশ কর্মকর্তাদের বৈঠকে এসব প্রস্তাব করা হয়।বৈঠকে প্রধানমন্ত্রী গণতন্ত্র শক্তিশালী করতে পুলিশ বাহিনীকে অব্যাহত সমর্থন দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘আমার কাছে গণতন্ত্রই প্রথম কথা। জনগণ যথাযথভাবে ভোট দিতে পারলে নির্বাচনে জয়-পরাজয় যা-ই হোক, আমি তা মেনে নিতে প্রস্তুত।’ পুলিশ বাহিনীর বিভিন্ন দাবি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, সরকার পুলিশের ‘ঝুঁকিভাতা’ বাড়ানোর বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে।এদিকে রাজারবাগে পুলিশ সম্মেলনে অপরাধ পরিস্থিতি নিয়ে কথা বলায় কোনো কোনো কর্মকর্তার সমালোচনার মুখে পড়েন পুলিশ সমন্বয়ক ফণীভূষণ চৌধুরী। গতকাল সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তিনি যাননি। কাল সারা দিন পুলিশ সপ্তাহের কোনো অনুষ্ঠানে তাঁকে দেখা যায়নি।ফণীভূষণের অনুপস্থিতির ব্যাপারে জানতে চাইলে পুলিশ কর্মকর্তারা কোনো মন্তব্য করতে রাজি হননি। পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে কেন যাচ্ছেন না, জানতে চাইলে ফণীভূষণ চৌধুরী বলেন, ‘আমি কোনো অনুষ্ঠানে যাইনি, সারা দিন অফিসেই ছিলাম।’পুলিশ সপ্তাহের দ্বিতীয় দিনে নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বৈঠক হয়। এতে দেশের সব জেলার পুলিশ সুপার থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।বৈঠকে উপস্থিত কয়েকজন কর্মকর্তা জানান, বৈঠকে তিনজন পুলিশ কর্মকর্তা বাহিনীর বিষয়ে বক্তব্য দেন। তাঁরা হলেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার বেনজীর আহমেদ, ঢাকা রেঞ্জের ডিআইজি আসাদুজ্জামান মিয়া ও যশোর জেলার পুলিশ সুপার কামরুল আহসান। আইজিপি হাসান মাহমুদ খন্দকার ও অতিরিক্ত আইজিপি এ কে এম শহীদুল হকও বক্তব্য দেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু ও প্রধানমন্ত্রীর মুখ্যসচিব শেখ এম ওয়াহিদুজ্জামান উপস্থিত ছিলেন।বৈঠকে উপস্থিত একজন কর্মকর্তা জানান, ঢাকা রেঞ্জের ডিআইজি তাঁর বক্তব্যে আইজির পদমর্যাদার বিষয়টি তুলে তা তিন তারকা সমমানের করার প্রস্তাব করেন।আসাদুজ্জামান মিয়া প্রথম আলোকে বলেন, বিমানবন্দরগুলোর নিরাপত্তার জন্য একটি বিশেষায়িত আর্মড পুলিশ গঠনের প্রস্তাব করা হয়েছে। সূত্র জানায়, বৈঠকে ডিএমপি কমিশনার বলেন, রাজধানীর চার স্থানে চারটি পুলিশ লাইন করা হলে অপরাধ নিয়ন্ত্রণ অনেক সহজ হবে।যশোরের পুলিশ সুপার পুলিশ বাহিনীতে একটি মেডিকেল সার্ভিস এবং পুলিশ বিভাগের ভবন নির্মাণ ও অন্যান্য কাজের জন্য একটি প্রকৌশল বিভাগ গঠন করার প্রস্তাব করেন।