মৌলভীবাজারের জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচন আগামীকাল ২৯ মার্চ। নির্বাচনে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আওয়ামী লীগ ও বিএনপির দুজন করে নেতা আছেন। আওয়ামী লীগের এক নেতার পক্ষে জাতীয় সংসদের হুইপ শাহাব উদ্দিন ও আরেক নেতার পক্ষে সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী অবস্থান নেওয়ায় সুষ্ঠু নির্বাচন হওয়া নিয়ে আশঙ্কায় আছেন ভোটাররা।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নির্বাচনে আওয়ামী লীগের উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক বদরুল হোসেন, প্রয়াত এম এ মুমিতের স্ত্রী ও মহিলা আওয়ামী লীগের উপজেলা কমিটির সভাপতি গুলশান আরা মিলি, উপজেলা বিএনপির কার্যকরী কমিটির সদস্য হোসনে আরা বেগম ও গিয়াস উদ্দিন, যুবদলের উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক এম এ মুহিত ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উপজেলা আওয়ামী লীগ ও বিএনপি সূত্রে জানা গেছে, গত ২৩ ফেব্রুয়ারি আওয়ামী লীগের এক সভায় নেতা-কর্মীদের গোপন ভোটে বদরুলকে একক প্রার্থী নির্ধারণ করা হয়। এই গোপন ভোটে কারচুপির অভিযোগ এনে ফলাফল প্রত্যাখ্যান করে বিদ্রোহী প্রার্থী হন গুলশান আরা। ২৫ ফেব্রুয়ারি বিএনপির উপজেলা কমিটির সভায় কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন বর্জনের ঘোষণা দেওয়া হয়। কিন্তু ২২ মার্চ হোসনে আরা বেগমকে উপজেলা বিএনপির পক্ষ থেকে প্রার্থী ঘোষণা করা হয়। পরে নাগরিক ঐক্যের ব্যানারে গিয়াস উদ্দিন ও এম এ মুহিত প্রার্থী হন।
কয়েকজন ভোটার জানান, হুইপ শাহাব উদ্দিন সরকারি সুযোগ-সুবিধা ব্যবহার করে ১৩ থেকে ১৮ মার্চ পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় পথসভায় বদরুলের পক্ষে ভোট চান। এর আগে ৭ মার্চ গুলশান আরার বাড়িতে এক সভায় তাঁর পক্ষে দলের নেতা-কর্মীদের কাজ করতে বলেন সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী। হুইপ ও সমাজকল্যাণমন্ত্রীর প্রভাবের কারণে নির্বাচন সুষ্ঠুভাবে হবে কি না, তা নিয়ে উপজেলাবাসী শঙ্কিত। রিটার্নিং কর্মকর্তা ও মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জহিরুল ইসলাম জানান, আচরণবিধি লঙ্ঘনের ব্যাপারে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
১৪৪ ধারা জারি: উপজেলা সদরে গতকাল শুক্রবার দুপুর ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে প্রশাসন। দুই প্রার্থীর পক্ষে উপজেলা সদরের একাধিক স্থানে একই সময়ে পথসভা আহ্বান করায় ১৪৪ ধারা জারি করা হয়।