সুষ্ঠুভাবে ফিরতি হজ ফ্লাইটের শিডিউল গ্রহণের সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র হজ পালন শেষে হাজিদের দেশে ফিরতে যাতে বিড়ম্বনায় পড়তে না হয় সে জন্য আগেভাগে ব্যবস্থা নিতে বলেছে সংসদীয় কমিটি। এ জন্য সুষ্ঠুভাবে বিমানের ফিরতি হজ ফ্লাইটের শিডিউল গ্রহণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে তারা।

আজ রোববার জাতীয় সংসদ ভবনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয় বলে সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বৈঠক সূত্র জানায়, বৈঠকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসে হজযাত্রী পরিবহন নিয়ে আলোচনা হয়। বিমানের পক্ষ থেকে জানানো হয়, এ বছরের পবিত্র হজ উপলক্ষে জেনারেল অথরিটি অব সিভিল অ্যাভিয়েশন (জিএসিএ) বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন হজযাত্রী পরিবহনের অনুমতি দিয়েছে। চুক্তি অনুযায়ী, হজযাত্রীর ৫০ শতাংশ পরিবহনের প্রস্তুতি নিয়েছে বিমান। ৩১ মে থেকে ৩ জুলাই পর্যন্ত প্রি–হজ ফ্লাইট পরিচালনা করা হবে। ১৪ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত হজ–পরবর্তী ফ্লাইটের মাধ্যমে হাজিদের দেশে ফিরিয়ে আনা হবে।

১১টি ডেডিকেটেড ফ্লাইটে সরকারি ব্যবস্থাপনায় (ব্যালটি) ও ৫৪টি ডেডিকেটেড ফ্লাইটে বেসরকারি ব্যবস্থাপনায় (নন–ব্যালটি) হজযাত্রীদের সৌদি আরব নেওয়া হবে। পাশাপাশি বিমানের সিডিউল ফ্লাইটে হজযাত্রী পরিবহনের অনুমতি পাওয়া গেছে। বিমানের ফ্লাইটগুলোর মধ্যে চট্টগ্রাম ও সিলেট থেকে ১০–১২টি ফ্লাইট পরিচালনা করা হবে।

অর্থের বিনিময়ে ভিআইপি লাউঞ্জ ব্যবহারের সুযোগ দেওয়ার সুপারিশ

দেশের বিমানবন্দরগুলোয় অর্থের বিনিময়ে সাধারণ যাত্রীদের ভিআইপি লাউঞ্জ ব্যবহারের সুযোগ দিতে চায় সংসদীয় কমিটি। গত মাসে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ বিষয়ে সুপারিশ করা হয়েছিল।

ওই বৈঠকে সরকার নির্ধারিত ভিআইপিদের বাইরে আরও যেসব যাত্রী ভিআইপি লাউঞ্জ ব্যবহার করতে আগ্রহী, তাঁদের কাছ থেকে ফি গ্রহণের মাধ্যমে আন্তর্জাতিক বিমানবন্দরগুলোয় ভিআইপি লাউঞ্জ ব্যবহারের ফি নির্ধারণ করা যায় কি না, তা বিবেচনার সুপারিশ করা হয়।

আজকের বৈঠকে এ বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, ওই প্রস্তাব বিবেচনার জন্য সংসদীয় উপকমিটিতে উপস্থাপন করা হবে। তাদের সুপারিশের পর এটি মন্ত্রিপরিষদ থেকে অনুমোদিত হলে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। যেহেতু ভিআইপি লাউঞ্জ ব্যবহারের নীতিমালা মন্ত্রিপরিষদ বিভাগ থেকে অনুমোদিত, তাই এ বিষয়ে ব্যবস্থা নিতে মন্ত্রিপরিষদের অনুমোদন প্রয়োজন হবে।

কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মাহবুব আলী এবং সৈয়দা রুবিনা আক্তার ও কানিজ ফাতেমা আহমেদ অংশ নেন।