সুষ্ঠুভাবে হজ পালনে আগাম ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
চলতি বছর বাংলাদেশি নাগরিকদের সুষ্ঠুভাবে হজ পালনে আগাম প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বৃহস্পতিবার হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এইচএএবি) নির্বাহী পরিষদের সদস্যরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর সঙ্গে দেখা করতে গেলে তিনি এ নির্দেশ দেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এসব কথা জানান। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় সমাবেশ পবিত্র হজ সুষ্ঠুভাবে সম্পাদনে বাংলাদেশি হজযাত্রীদের জন্য তাঁর সরকারের উদ্যোগের কথা উল্লেখ করেন শেখ হাসিনা। তিনি এ ব্যাপারে এইচএএবি কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন। পবিত্র হজ সুন্দরভাবে ও কোনো ঝামেলা ছাড়াই করার লক্ষ্যে অবকাঠামোগত ব্যাপক উন্নয়নের জন্য সৌদি বাদশাহকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এই অবকাঠামোগত উন্নয়ন বাংলাদেশিদের পবিত্র হজ পালনে সহায়তা করবে। হজযাত্রীদের হজের আচার-অনুষ্ঠান রপ্ত করায় সহযোগিতার জন্য এইচএএবিকে তিনি অনুরোধ জানান। তিনি যথাযথভাবে হজব্রত পালনে সহায়তা করতে হজের ওপর ভিডিওচিত্র দেখানো ও লিখিত পুস্তিকা সরবরাহের জন্য এইচএএবিকে পরামর্শ দেন। হজ শেষ না হওয়া পর্যন্ত তারা সহায়তা অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকের শুরুতে এইচএএবি নেতারা প্রধানমন্ত্রীকে সৌদি আরবে তাঁদের হজ প্রতিনিধি পাঠানো ও ব্যবস্থাপনার সমস্যার কথা অবহিত করেন। তিনি মনোযোগ দিয়ে তাঁদের কথা শোনেন এবং এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এইচএএবির সভাপতি ইব্রাহীম বাহার ও মহাসচিব এম এ রশিদ শাহ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। এ সময় অন্যদের মধ্যে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এম এ করিম ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহেদুজ্জামান উপস্থিত ছিলেন। বাসস।