সুসমন্বিতভাবেই উদ্ধারকাজ চলছে: ত্রাণমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী গতকাল শনিবার বলেছেন, সাভারের ভবনধসের ঘটনায় উদ্ধারকাজ সুসমন্বিতভাবে চলছে। উদ্ধারকাজ নিয়ে তাঁরা সন্তুষ্ট। গতকাল শনিবার সকালে সচিবালয়ে তথ্য অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা বলেন। তিনি উদ্ধারকাজের বিভিন্ন তথ্য তুলে ধরেন। এ সময় ওই ঘটনাকে ‘মানবসৃষ্ট দুর্যোগ’ বলে উল্লেখ করেন মন্ত্রী।দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী জানান, গতকাল বেলা ১১টা পর্যন্ত ৩২৮ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে দুই হাজার ৪১৩ জনকে। বেশি লোক সমাগমের কারণে উদ্ধারকাজ ব্যাহত হওয়ার কথা উল্লেখ করে মন্ত্রী সাধারণ মানুষকে ভিড় না করতে বলার জন্য সাংবাদিকদের অনুরোধ করেন। সেনাবাহিনীর উদ্ধার তৎপরতা নিয়ে বিএনপির নেতা মওদুদ আহমদের অভিযোগ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, ‘এ কথা ঠিক না। আর উনি কী করে জানলেন? এটা বিশ্বাসযোগ্য না।’ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক নাগরিক সংলাপে মওদুদ আহমদ বলেন, সাভারের উদ্ধারকাজে সেনাবাহিনীর তৎপরতা তেমন দেখা যায়নি।