সুসম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্ব প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পারস্পরিক উন্নয়নে এ অঞ্চলের দেশগুলোর মধ্যে সুসম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেছেন। ভারতের রাজ্যসভার সদস্য এবং কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী এ ব্যাপারে অবহিত করেন। খবর বাসসের।
শেখ হাসিনা বলেন, ছিটমহলগুলোর বাসিন্দারা দীর্ঘদিন ধরে সমস্যায় ভুগছিল। এ চুক্তি পাসের মাধ্যমে তাদের এ ভোগান্তির অবসান হলো। প্রধানমন্ত্রী এ অঞ্চলের উন্নয়নে জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নের ওপরও গুরুত্ব দেন। তিনি বলেন, ‘এ অঞ্চলের অধিকতর উন্নয়নে যোগাযোগ বৃদ্ধি অপরিহার্য। এ জন্য আমরা প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সড়ক ও রেল যোগাযোগ পুনঃস্থাপন করেছি।’
সীতারাম ইয়েচুরি নেপালে ভূমিকম্পে দুর্গতদের সাহায্যে ১০ হাজার মেট্রিক টন চালসহ ত্রাণসামগ্রী পাঠানোর জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান। নেপালের জন্য ত্রাণসামগ্রী পরিবহনে সৈয়দপুর বিমানবন্দর ব্যবহারের অনুমতি দেওয়ায় তিনি বাংলাদেশ সরকারের প্রশংসা করেন।