সুসম্পাদিত, নির্ভুল বই চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই দেশে একদিন যুদ্ধ হয়েছিল মহিউদ্দিন আহমদ , সামান্য স্বৈরিণী রবের্তো বোলানিও ,বিজ্ঞানীদের কাণ্ডকারখানা রাগিব হাসান, দেখিলাম তারে  মইনুল খান
এই দেশে একদিন যুদ্ধ হয়েছিল মহিউদ্দিন আহমদ , সামান্য স্বৈরিণী রবের্তো বোলানিও ,বিজ্ঞানীদের কাণ্ডকারখানা রাগিব হাসান, দেখিলাম তারে মইনুল খান

বেলা তখন আড়াইটা। অমর একুশে গ্রন্থমেলার মূল ফটকের কাছে হাজির হই। দেখি, মেলার ফটক খোলার আগেই দীর্ঘ থেকে দীর্ঘতর লাইন। এই ফাঁকে ছুটে যাই বাংলা একাডেমির মূল ভবনে, মহাপরিচালকের কক্ষে। তাঁর কক্ষে ঢুকতে যাব, তখনই একাডেমির প্রকাশনা বিভাগের পরিচালক মোবারক হোসেনের সঙ্গে দেখা। তিনি জানালেন একাডেমির তথ্যকেন্দ্রে গত ২৪ তারিখ পর্যন্ত জমা পড়া বিভিন্ন প্রকাশনীর নতুন প্রকাশিত বইয়ের সংখ্যা ৩ হাজার ৯১০। তবে সযত্নে সুসম্পাদিত বইয়ের সংখ্যা খুবই স্বল্প। মহাপরিচালক শামসুজ্জামান খান খুবই ব্যস্ত। তার মধ্যেই তাঁকে বললাম, ‘সম্পাদিত ও ভালো করে প্রুফ দেখা হয়েছে, মেলায় আসা এমন বইয়ের সংখ্যা বেশ কম বলে অনেকে অভিযোগ করছেন, এ ব্যাপারে আপনার মতামত জানতে চাই।’ তিনি বললেন, ‘গ্রন্থ সম্পাদনার প্রক্রিয়া শুরু হয়েছে। আঙুলে গোনা কয়েকটি প্রকাশনা সংস্থার বাঁধা গ্রন্থ সম্পাদক ও প্রুফরিডার আছেন। তবে ভালো বই প্রকাশ করতে হলে প্রতিটি প্রকাশনা সংস্থার গ্রন্থ সম্পাদক ও প্রুফরিডার থাকা চাই।’
একই কথা বললেন যুক্তরাষ্ট্রপ্রবাসী লেখক নূরুন নবী। তিনি মেলাকে অভাবিত শৃঙ্খলাপূর্ণ বলে মন্তব্য করলেন। তাঁর তিনটি বই প্রকাশিত হয়েছে, এর একটি শামসুর রাহমান: স্বাধীনতার কবি। নিউইয়র্কের মুক্তধারার স্বত্বাধিকারী বিশ্বজিত সাহা জানালেন, একাডেমি চত্বরে তাঁদের স্টলে পাওয়া যাচ্ছে বিশ্বের ১৩৮টি দেশে বসবাসকারী বাঙালি লেখকদের লেখা বই। তাঁর জানামতে, এবারের মেলায় যোগ দিয়েছেন ৯৬ জন প্রবাসী বাঙালি লেখক-কবি।
একাডেমির বইমেলা চত্বরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, প্রেস ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয় ও এশিয়াটিক সোসাইটির স্টলে দেখা গেল নতুন বই নেই বলেই চলে। তাঁরা সাজিয়ে বসে আছেন পুরোনো বইয়ের পসরা। ‘নতুন বইয়ের স্টল’ নামে বাংলা একাডেমি একটি স্টল খুলেছে, যাতে প্রদর্শন করা হচ্ছে তথ্যকেন্দ্রে জমা পড়া ও নিবন্ধন করা বিভিন্ন প্রকাশনীর বই। এটি একটি ভালো উদ্যোগ।
মেলার সোহরাওয়ার্দী উদ্যানের অংশে ঢুকতেই দেখা হয়ে গেল কথা প্রকাশের স্বত্বাধিকারী জসিমউদ্দিনের সঙ্গে। তিনি খুবই খুশি এবার তাঁদের স্টল সাজসজ্জায় শ্রেষ্ঠ হয়েছে বলে।
বই ক্রেতাদের ভিড় দেখা গেল প্রথমা, আগামী, অনিন্দ্য, অবসর, মাওলা ব্রাদার্স ও বিশ্বসাহিত্য কেন্দ্রের প্যাভিলিয়নে। এ ছাড়া ভিড় দেখা গেল বটেশ্বর বর্ণন, চন্দ্রদ্বীপ, চন্দ্রাবতী একাডেমি, পরিবার পাবলিকেশনস, গ্রাফোসম্যান, বিপ্লবীদের কথা, খান ব্রাদার্সের স্টলে। যে পাঠক দুই দিন আগে বইয়ের তালিকা নিয়ে গিয়েছিলেন, তিনি গতকাল পছন্দসই বই কিনতে এসেছেন।
একুশের বইমেলা যে আমাদের জাতীয় ঐতিহ্য হয়ে উঠেছে তার প্রমাণ, একে ঘিরে শুধু ঢাকা শহর নয়, সারা দেশেই একটা সাড়া ও সাজসাজ রব পড়ে যায়। গতকালও বিভিন্ন জেলা ও ঢাকার আশপাশের এলাকা থেকে বইপ্রেমীরা এসেছিলেন। তাঁদের কয়েকজন জানালেন, প্রতিবছর তাঁরা একুশের বইমেলার জন্য অধীর হয়ে থাকেন, সাধ্য ও পছন্দমতো বই কেনেন। একুশের বইমেলা তাঁদের চোখ খুলে দেয়।