সুসময় এনে দেবে মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলোয় ঝলমল করছে সকালটা। কুয়াশার চাদর সরিয়ে উঁকি দিয়েছে নতুন বছরের সূর্য। দেয়ালে ২০১৪ সালের পঞ্জিকা। হাতের মুঠোফোনেই অবশ্য এখন সময় ও দিন দেখার কাজ সারি আমরা, আর তা ভরে গেছে নতুন বছরের শুভেচ্ছাবার্তায়।
সময় বয়ে যায়, কিন্তু সূর্যের আহ্নিক গতি আর বার্ষিক গতি আমাদের এনে দেয় নতুন দিন, নতুন বছর। বছরের শেষে আমরা হিসাব মেলাতে বসি—কী পেলাম, কী পেলাম না। নতুন বছরের জন্য নতুন আশায় বুক বাঁধি। নতুন কাজ করার জন্য অঙ্গীকার করি নিজের মনেই।
২০১৩ বাংলাদেশের জন্য ভালো যায়নি। ২০১৪ ভালো যাবে—এই আশা নিয়ে আমরা বরণ করে নিচ্ছি নতুন অব্দটিকে। যদিও রাজনীতিকদের পক্ষ থেকে নববর্ষের প্রথম দিনটির উপহার হলো অবরোধ। আমাদের মহাসড়ক, রেলপথ ও নৌপথে চলতে মানা, অনির্দিষ্টকালের জন্য। আমরা চলেছি একটা একতরফা নির্বাচনের দিকে, যে নির্বাচন আদৌ রাজনৈতিক অচলাবস্থার শান্তিপূর্ণ সমাধানের আশা জোগাচ্ছে না।
তবু আমরা এগিয়ে যাব। এগিয়ে যাবে বাংলাদেশ। বছরজুড়ে আগুন, ভাঙচুর, বোমা, গুলি, হরতাল, অবরোধ, ধ্বংস, মৃত্যুর মধ্যেও জীবন এখানে থেমে থাকেনি। রাজশাহীর ঝরনা বেগম জামায়াত-শিবিরের তাণ্ডবের মধ্যেই গত এপ্রিলে আহত এক পুলিশ সদস্যকে বাঁচাতে এগিয়ে যান নিজের জীবনের ঝুঁকি নিয়ে। জয়পুরহাট, টঙ্গী, চাঁদপুরে রেললাইন ওপড়ানো দেখে লাল পতাকা উড়িয়ে ট্রেন থামিয়ে দুর্ঘটনার হাত থেকে মানুষকে বাঁচিয়েছেন সাধারণ মানুষ—আশরাফুল, হেলালউদ্দীন, নুরুল ইসলাম ও তাজুল। নীলফামারীর কলেজছাত্র কেশব রায় বাল্যবিবাহের বিরুদ্ধে কাজ করে লাভ করেছেন জাতিসংঘের ইয়ুথ কারেজ অ্যাওয়ার্ড ফর এডুকেশন। হাজার হাজার ছেলেমেয়ে জিপিএ ফাইভ পেয়েছে মাধ্যমিক আর উচ্চমাধ্যমিক পরীক্ষায়, লাখ লাখ ছেলেমেয়ে পেয়েছে প্রাথমিক ও জুনিয়র সমাপনী পরীক্ষায়। গণিত অলিম্পিয়াডে বাংলাদেশ ভালো করেই চলেছে; বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দল চ্যাম্পিয়ন হয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, জার্মানি, মালয়েশিয়া, হংকং, ফ্রান্সের বিভিন্ন প্রতিযোগিতায়। বাংলাদেশ ক্রিকেটে বাংলাওয়াশ করেছে নিউজিল্যান্ডকে, নতুন দুই তারকা উঠে এসেছেন সোহাগ গাজী আর মুমিনুল হক। সিদ্দিকুর রহমান দিল্লিতে চ্যাম্পিয়ন হয়েছেন পেশাদার গলফে। আর বছর শেষে আমাদের ছোট্ট দাবাড়ু ফাহাদ রহমান বিশ্ব যুব দাবার অনূর্ধ্ব ১০ গ্রুপের ব্লিৎজ বিভাগে রুপা জিতে এনেছে। সোহাগ গাজী, মুমিনুল, সিদ্দিক, ফাহাদেরা উঠে এসেছে ঢাকার বাইরে থেকে এবং প্রতিকূলতা জয় করে। এর বাইরেও আছে সাধারণ মানুষের সাফল্যের অসংখ্য কাহিনি।
আমাদের রাজনীতি আমাদের এগিয়ে চলার গতিকে ত্বরান্বিত না করে অবরুদ্ধ করতে চায়। কিন্তু মানুষ এগিয়েই চলেছে। কবি নাজিম হিকমতের জেলখানার চিঠি কবিতায় আছে—‘দুঃসময় থেকে সুসময়ে মানুষ পৌঁছে দেবে মানুষকে’। ২০১৪-এর প্রথম প্রভাতে মানুষের ওপরই আস্থা রাখতে হবে আমাদের, বাংলাদেশের অপরাজেয় সাধারণ মানুষই আমাদের নিয়ে যাবে সুসময়ের আলোকিত বন্দরে। ‘ভোর হয়নি, আজ হলো না, কাল হবে কি না, তা-ও জানা নেই, পরশু ভোর ঠিক আসবেই,’ এই আশাবাদ আমরা শিল্পী মাহমুদুজ্জামান বাবুর মতোই বুকে ধরে রাখি। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।