সুসাংবাদিকতায় প্রথম আলো আপসহীন থাকবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর এক যুগ পূর্তি উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিভিন্ন স্থানে শুভেচ্ছা বিনিময়, শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, ক্রীড়া প্রতিযোগিতাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।‘আসুন, দেশকে মায়ের মতোই ভালোবাসি’ স্লোগান নিয়ে এসব অনুষ্ঠানে বক্তারা বলেন, শক্তিশালী বিভিন্ন মহলের বিষোদ্গার ও রক্তচক্ষু উপেক্ষা করে সুসাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে আপসহীন বলেই প্রথম আলো আজ দেশের সবচেয়ে জনপ্রিয় ও বহুল প্রচারিত সংবাদপত্র।প্রথম আলোর আয়োজনে এসব অনুষ্ঠানে সার্বিকভাবে সহযোগিতা করেন স্থানীয় বন্ধুসভার সদস্যরা। ঢাকা ও বিভিন্ন জেলা শহরসহ ১২৫টি স্থানে যুগপূর্তির অনুষ্ঠান হয়। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জ শহরে গতকাল সকালে আনন্দ শোভাযাত্রার সামনে বর-কনে সেজে আরও বৈচিত্র্যময় করে তোলে খুদে শিশু তানহা, তানিশা ও ইফতি। পরে প্রেসক্লাবে প্রাঙ্গণে আলোচনা সভায় মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র মুজিবুর রহমান বলেন, ‘প্রথম আলো কেবল একটি দৈনিক পত্রিকা নয়। এটি একটি সামাজিক কার্যক্রমের প্রতিষ্ঠান। দেশের উন্নয়নে বন্যা, সিডরসহ বিভিন্ন ক্ষেত্রে প্রথম আলো ভূমিকা রেখে চলেছে। এর অগ্রযাত্রা সফল হোক।’ সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ কাদের মোল্লা বলেন, ‘প্রথম আলো মুক্তিযুদ্ধের কথা বলে। তাই এ পত্রিকাকে আমার ভালো লাগে।’ সম্মিলিত সাংস্কৃতিক জোটের মুন্সিগঞ্জের সভাপতি মতিউল ইসলাম বলেন, ‘দেশের সাংস্কৃতিক কর্মকাণ্ডে প্রথম আলো ভূমিকা রেখে চলেছে।’শোভাযাত্রায় সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ প্রবীর কুমার গাঙ্গুলি, অধ্যাপক সুখেন ব্যানার্জিসহ জনপ্রতিনিধি, বন্ধুসভার সদস্য, ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।গাজীপুর: বেলা ১১টার দিকে গাজীপুর শহরের মুক্তমঞ্চ থেকে শোভাযাত্রা বের হয়। ব্যানার-ফেস্টুন নিয়ে শোভাযাত্রাটি রাজবাড়ি সড়ক হয়ে প্রেসক্লাবের সামনে শেষ হয়। এখানে আলোচনায় অংশ নেন মুক্তিযোদ্ধা হাতেম আলী, কলেজ শিক্ষক মুকুল কুমার মল্লিক, বন্ধুসভার নূর মুহাম্মদ প্রমুখ। বক্তারা বলেন, প্রথম আলো কেবল একটি পত্রিকা নয়, এটি জাতির কণ্ঠস্বর হিসেবে কাজ করছে।মানিকগঞ্জ: সকাল ১০টায় মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বের হয় আনন্দ শোভাযাত্রা। পরে বারসিক মিলনায়তনে মানিকগঞ্জ বন্ধুসভার সভাপতি আমিনুর রহমানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন খান বাহাদুর আওলাদ হোসেন কলেজের সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহামেদ, সমাজসেবক দীপক ঘোষ ও বন্ধুসভার বিমল রায়। আলোচনা শেষে শহরের পূর্ব দাশড়া এলাকায় বারসিক পরিচালিত শিশু বিকাশ কেন্দ্রের শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার এবং শিক্ষা উপকরণ দেওয়া হয়। দুপুর দুইটার দিকে পূর্ব দাশড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজন করা হয় বৃক্ষ রোপণের। অনুষ্ঠান শেষে দুস্থদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।নারায়ণগঞ্জ: সকাল ১০টায় শহরের চাষাঢ়ায় নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়ন অফিসের সামনে থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়। নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এ বি সিদ্দিক, বন্ধুসভার উপদেষ্টা রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানি শংকর রায়, সমাজসেবী আলেয়া সারোয়ার, শ্রুতি সাংস্কৃতিক একাডেমির সভাপতি আবদুর রহমান, বন্ধুসভার আহসান সাদিকসহ শহরের গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। শোভাযাত্রাটি কেন্দ্রীয় পৌর শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে প্রথম আলোর পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য দেন জেলা প্রতিনিধি আসিফ হোসেন।ময়মনসিংহ: প্রথম আলো এখন আর এক দিনও না পড়ে থাকা সম্ভব নয়। গতকাল প্রথম আলোর যুগপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কথাগুলো বলেন পাঠক ও গৃহিণী মাকসুদা বেগম। শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বর-সংলগ্ন মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে এ অনুষ্ঠানে সাহিত্য সংগঠন সুপ্র ময়মনসিংহের সভাপতি ইয়াজদানী কোরায়শী জাতীয় সম্পদ রক্ষার ইস্যুতে প্রথম আলোকে আরও বলিষ্ঠ ভূমিকা রাখার আহ্বান জানান।অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আশরাফ উদ্দিন বলেন, প্রথম আলো অনেক ভালো কিছুর সঙ্গে জড়িত থাকতে মানুষকে উদ্বুদ্ধ করে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অধ্যাপক মো. আবদুল হাই, জেলা মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, অধ্যক্ষ এখলাস উদ্দিন, বিএনপির নেতা কাজী রানা, সাংবাদিক আতাউল করিম, ব্যবসায়ী খন্দকার শরীফ, আইনজীবী শিব্বির আহমেদ প্রমুখ। এর আগে সকাল ১০টার দিকে শহরের সি কে ঘোষ রোডের প্রথম আলো কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের হয়।কিশোরগঞ্জ: সকাল ১০টার দিকে কিশোরগঞ্জ প্রেসক্লাব চত্বর থেকে শোভাযাত্রা বের হয়। এতে জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমান, পুলিশ সুপার মীর রেজাউল আলম, গুরুদয়াল সরকারি কলেজের অধ্যক্ষ মো. আরজ আলী, কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ রবীন্দ্রনাথ চৌধুরীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। অনুষ্ঠানে প্রথম আলোর কুইজ প্রতিযোগিতায় পাঁচজন বিজয়ী পাঠককে পুরস্কৃত করা হয়। এর আগে গতকাল বন্ধুসভার সদস্যরা শহরের গাইটাল ও শ্রীনগর এলাকার খানাখন্দে ভরা একটি রাস্তা সংস্কার করেন।নরসিংদী: সকাল ১০টায় নরসিংদী সরকারি কলেজ শহীদ মিনার থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়। পরে মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে জেলা মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত সবাই এক মিনিট নীরবতা পালন করে। পরে নরসিংদী সরকারি কলেজ প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন অধ্যাপক কালাম মাহমুদ, বিমল কান্তি দেবনাথ, প্রথম আলোর নরসিংদী সংবাদদাতা মনিরুজ্জামন, বন্ধুসভার আবদুল্লাহ আল মামুন প্রমুখ।ব্রাহ্মণবাড়িয়া: দেশকে মায়ের মতো ভালোবাসার অঙ্গীকার করে ব্রাহ্মণবাড়িয়ায় প্রথম আলোর এক যুগ পূর্তি অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানে জেলার সুধীজনেরা এসিড, মাদকবিরোধী প্রচার, বন্যার্তদের পাশে দাঁড়ানোসহ নানা সামাজিক আন্দোলন এবং মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়তে প্রথম আলোর ১২ বছরের ভূমিকার প্রশংসা করেন। তাঁরা প্রথম আলোয় আরও বেশি ইতিবাচক খবর ছাপার জন্যও অনুরোধ করেন। সুরসম্রাট দি আলাউদ্দিন সংগীতাঙ্গন মিলনায়তনে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, মেজর জহিরুল হক খান (বীর প্রতীক), সুজনের অধ্যাপক মুখলেছুর রহমান, সাবেক পৌর চেয়ারম্যান মো. হেলাল উদ্দিন, বন্ধুসভার বিবর্ধন রায় ও শাহাদাৎ হোসেন।শেরপুর: শেরপুরের প্রবীণ শিক্ষাবিদ সুধাময় দাস বলেছেন, মাকে ভালোবাসতে পারলেই প্রকৃতভাবে দেশকে ভালোবাসা হবে। দেশের উন্নয়নের জন্য, মঙ্গলের জন্য এক যুগ ধরে প্রথম আলো কাজ করছে। প্রথম আলো সব সময় নিরপেক্ষ, সৎ ও নির্ভীক সাংবাদিকতার মাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে যাবে বলে তিনি প্রত্যাশা করেন। গতকাল শহরের চকবাজারের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সদর উপজেলার চেয়ারম্যান মো. ইলিয়াছ উদ্দিন, ভাইস চেয়ারম্যান বেগম শামীম আরা, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া, দুদকের সরকারি কৌঁসুলি মোখলেছুর রহমান প্রমুখ। অধিকাংশ বক্তা সম্প্রতি ইভ টিজিংয়ের ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে বলেন, এসব ঘটনা প্রতিরোধে জনমত সৃষ্টিতে প্রথম আলো আরও বলিষ্ঠ ভূমিকা রাখবে।সিলেট: সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের মুক্তমঞ্চে গতকাল বৃহস্পতিবার প্রথম আলোর এক যুগ পূর্তির অনুষ্ঠানের মধ্যে একটি পর্বের নাম ছিল ‘বৃক্ষ তুমি আদি প্রাণ...’। এ পর্বে ১৯৯৮ সালের ৪ নভেম্বর থেকে প্রথম আলো পড়েন, এমন ১১ জন তাঁদের মতামত ব্যক্ত করেন। মত প্রকাশের পর প্রথম আলোকে বটবৃক্ষের সঙ্গে তুলনা করে শহীদ মিনার চত্বরে তাঁরা রোপণ করেন তিনটি বৃক্ষ। তাঁদের প্রত্যাশা—‘একদিন প্রথম আলো বৃক্ষের মতো সংবাদপত্রের আদি প্রাণ হয়ে উঠবে।’‘বৃক্ষ তুমি আদি প্রাণ...’-এর কথামালায় সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলাম বলেন, ‘বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতা ধরে রেখে প্রথম আলো যেভাবে এগিয়ে চলছে, ভবিষ্যতে নিঃসন্দেহে গণমানুষের প্রতিনিধি হয়ে উঠবে এই পত্রিকা।’কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শুভেন্দু ইমাম বলেন, ‘ভুলত্রুটি থাকতে পারে, তার পরও দেশের সংবাদপত্র ইতিহাসে প্রথম আলো একটি সফলতার প্রতীক, সেটা অবশ্যই সবাইকে মানতে হবে।’ খেলাঘর সিলেটের সভাপতি মুক্তিযোদ্ধা পুরঞ্জয় চক্রবর্তী বলেন, ‘দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার সঙ্গে তাল মিলিয়ে প্রথম আলো পথ চলবে, পাঠক হিসেবে তাই দেখতে চাই।’ সিলেট প্রতিনিধি জানান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ভবনের সামনে বেলা একটায় শুরু হয় প্রথম আলোর এক যুগ পূর্তি অনুষ্ঠান। শুরুতে যুগপূর্তির কেক কাটেন দেশের জনপ্রিয় লেখক শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবাল। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক ইয়াসমিন হক এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক ও বন্ধুসভার উপদেষ্টা আবু আউয়াল মো. সোয়েব। পরে শাহজালাল বিশ্ববিদ্যালয় শাখা বন্ধুসভার সদস্যরা বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করেন।