সুস্থ আছে পূর্ণিমা, দায়িত্ব নিলেন এক ব্যবসায়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জরায়ুর বাইরে বেড়ে উঠে আলো-বাতাসের স্পর্শ পাওয়া নবজাতক ‘পূর্ণিমা’র পাশে দাঁড়িয়েছেন এক ব্যবসায়ী। ওই ব্যবসায়ী নবজাতকের ভরণপোষণের দায়িত্ব নিয়েছেন।গতকাল রোববার দুপুরে ভৈরব পৌর শহরে অবস্থিত আবেদীন হাসপাতালে পূর্ণিমাকে দেখতে এসে ওই ব্যবসায়ী পূর্ণিমার দায়িত্ব নেন। তিনি তাৎক্ষণিকভাবে পূর্ণিমার মায়ের হাতে ১০ হাজার টাকা তুলে দেন। পরে একটি হিসাব নম্বরের মাধ্যমে প্রতি মাসে টাকা পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে যান।একই সঙ্গে আবেদীন হাসপাতাল কর্তৃপক্ষ নবজাতকের আজীবন বিনা খরচে চিকিৎসাসেবা দেওয়ার ঘোষণা দেয়। ভরণপোষণের দায়িত্ব নেওয়া ব্যক্তি হলেন শিমুল ঘোষ। তাঁর বাড়ি কুমিল্লার সদর দক্ষিণ থানার শ্রীভগ্নবপুর গ্রামে।গত ২১ সেপ্টেম্বর প্রথম আলোয় ‘আঁধার পেরিয়ে পূর্ণিমা’ শিরোনামে প্রকাশিত সংবাদটি পড়ার পর নবজাতকের প্রতি শিমুল ঘোষের ভালোবাসা জন্মায়। গতকাল কুমিল্লা থেকে তিনি শিশুটিকে দেখতে আসেন।আবেদীন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও শল্যচিকিৎসক আমিন উদ্দিন জানান, পূর্ণিমা সুস্থ আছে, মা কাকলি বেগমও সুস্থ আছেন। প্রসঙ্গত, ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের রাধানগর গ্রামের কাকলি বেগম গত ১৮ আগস্ট আলট্রাসনোগ্রাফি করতে আবেদীন হাসপাতালে আসেন। পরীক্ষার পর চিকিৎসকেরা নিশ্চিত হন, স্বাভাবিক নিয়মে নয়, কাকলির গর্ভের শিশুটি জরায়ুর সম্পূর্ণ বাইরে পেটের মধ্যে বেড়ে উঠছে এবং সে জীবিত আছে। এরপর ১৬ সেপ্টেম্বর রাত আটটার দিকে সফল অস্ত্রোপচারের মাধ্যমে নবজাতকটি আলোর মুখ দেখে। চিকিৎসাবিজ্ঞানের ইতিহাসে এমন ঘটনা খুব একটা দেখা যায় না।