সুস্থ ইরশাদ আজ বাড়ি ফিরছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রথম যকৃত (লিভার) প্রতিস্থাপন হওয়া ইরশাদ আহমেদ আজ মঙ্গলবার বাড়ি ফিরছেন। গত মাসে বারডেম হাসপাতালে ইরশাদের দেহে তাঁর মামা খালেদ আবদুল্লাহর (২৯) যকৃতের অংশ প্রতিস্থাপন করা হয়। চিকিৎসকেরা বলছেন, ইরশাদ আহমেদ ও খালেদ আবদুল্লাহ সম্পূর্ণ সুস্থ আছেন। খালেদ আবদুল্লাহ সুস্থ হয়ে ইতিমধ্যেই বাড়ি ফিরে গেছেন।পাঁচ বছর ধরে যকৃতের অসুখের (লিভার সিরোসিস) কারণে অসুস্থ ইরশাদ আহমেদের দেহে যকৃত প্রতিস্থাপনের প্রয়োজনীয়তা দেখা দেয়। গত ৩ জুন বারডেমের প্রধান যকৃত প্রতিস্থাপন শল্যবিদ (চিফ লিভার ট্রান্সপ্লান্ট সার্জন) অধ্যাপক মোহাম্মদ আলীর নেতৃত্বে ১৭ সদস্যের চিকিৎসক দল যকৃত প্রতিস্থাপনে অংশ নেন। জটিল এ অস্ত্রোপচারে ভারতের পাঁচ সদস্যের চিকিৎসক দল তাঁদের সহায়তা করেন। বাংলাদেশে এ ধরনের অস্ত্রোপচার প্রথমবারের মতো হয়। অস্ত্রোপচারে সময় লাগে প্রায় ১৭ ঘণ্টা।অধ্যাপক মোহাম্মদ আলী প্রথম আলোকে বলেন, ইরশাদ আহমেদ এখন সম্পূর্ণ সুস্থ আছেন। প্রথম দুই থেকে তিন মাস তিনি ভারী কোনো কাজ করতে পারবেন না। এখন প্রতি সপ্তাহে একবার চিকিৎসককে তাঁর অবস্থা সম্পর্কে জানাতে হবে। এরপর থেকে তা দুই থেকে তিন সপ্তাহে এবং পরে মাসে একবার চিকিৎসককে তাঁর অবস্থা সম্পর্কে অবহিত করতে হবে। ধীরে ধীরে তিনি সম্পূর্ণ স্বাভাবিক জীবনে ফিরে যাবেন।মোহাম্মদ আলী আরও বলেন, ইরশাদকে সব ধরনের সংক্রামক রোগ ও দূষিত পরিবেশ থেকে দূরে থাকতে হবে এবং নিয়মিত ওষুধ সেবন করতে হবে।ইরশাদের দেহে যকৃত প্রতিস্থাপনের জন্য খালেদ আবদুল্লাহর যকৃতের ডান অংশের ৭৫২ গ্রাম কেটে নেওয়া হয়। ইরশাদের যকৃতের সম্পূর্ণ অংশ কেটে খালেদের যকৃতের ওই অংশটুকু জুড়ে দেওয়া হয়। মোহাম্মদ আলী প্রথম আলোকে বলেন, যকৃতের কাটা অংশ ছয় থেকে ১২ সপ্তাহে আবার আগের অবস্থায় ফিরে যায়। আলট্রাসনোগ্রাম করে দেখা গেছে, দাতা খালেদ আবদুল্লাহর যকৃত আবার আগের অবস্থায় ফিরে গেছে। ইরশাদের যকৃতও ধীরে ধীরে পূর্ণ আকার ধারণ করছে।মোহাম্মদ আলী বলেন, হাসপাতালের যথাযথ ব্যবস্থাপনার কারণেই জটিল এ অস্ত্রোপচার সম্ভব হয়েছে। অস্ত্রোপচারের আগে ও পরে ব্যাপক সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ইরশাদের বাড়ি ফেরা উপলক্ষে আজ বারডেম হাসপাতালে অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি।