সুস্থ জীবন গড়তে মাদককে ‘না’ বলুন
মাদকমুক্ত সুস্থ জীবন গড়ে তুলতে মাদককে ‘না’ বলার আহ্বান জানিয়ে গতকাল মঙ্গলবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোভাযাত্রার আয়োজন করা হয়। আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে প্রথম আলো ট্রাস্ট মাদকবিরোধী আন্দোলনের উদ্যোগে ওই কর্মসূচি পালন করা হয়।সকাল ১০টার দিকে অমর একুশের পাদদেশ থেকে শোভাযাত্রা বের করেন বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সদস্যরা। বিকেল চারটায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে হয় ‘মাদকমুক্ত সুস্থ জীবন’ শীর্ষক আলোচনা সভা।অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক আহমেদ রেজা বলেন, নতুন প্রজন্মকে মাদকমুক্ত সমাজ উপহার দিতে হলে এই মুহূর্তে মাদককে না বলতে হবে। মাদকাসক্তদের সুস্থ জীবনে ফিরিয়ে আনতে হলে সহযোগিতার হাত বাড়াতে হবে। বন্ধুসভার উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মো. রাসেল ইকবাল বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে মাদকদ্রব্য বিক্রি হচ্ছে। মাদকাসক্তদের সংস্পর্শে এসে মেধাবী শিক্ষার্থীরাও আসক্ত হয়ে পড়ছে। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও অভিভাবকদের আরও সচেতন হতে হবে।বিশ্ববিদ্যালয় শাখা বন্ধুসভার উপদেষ্টা বেগমজাদী মেহেরুননেসা উপস্থিত সবাইকে মাদককে ‘না’ বলার শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সভাপতি জহুরা সুলতানা। পরে বন্ধুসভার সদস্যদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।