সুস্থ শিশুরা বাড়ি ফিরতে পারবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয় চার বছরের শিশু তৌফিক ত্রিপুরা। এখন সে সুস্থ। ছেলের সুস্থতা হাসি ফুটিয়েছে মা পুতুলি ত্রিপুরার মুখে। গতকাল দুপুরে চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাটের বিশেষায়িত হাসপাতাল বিআইটিআইডি থেকে তোলা ছবি l কৃষ্ণ চন্দ্র দাস
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয় চার বছরের শিশু তৌফিক ত্রিপুরা। এখন সে সুস্থ। ছেলের সুস্থতা হাসি ফুটিয়েছে মা পুতুলি ত্রিপুরার মুখে। গতকাল দুপুরে চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাটের বিশেষায়িত হাসপাতাল বিআইটিআইডি থেকে তোলা ছবি l কৃষ্ণ চন্দ্র দাস

সীতাকুণ্ডের ত্রিপুরাপাড়া থেকে গতকাল সোমবার এক শিশুসহ আরও দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনের জ্বরের পাশাপাশি শরীরে লালচে র‍্যাশ  রয়েছে। তারাও অন্যদের মতো হামে আক্রান্ত বলে ধারণা করা হচ্ছে। সুস্থ রোগীদের আজ মঙ্গলবার হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানান। 

গতকাল সকালে মধ্যম সোনাইছড়ি ত্রিপুরাপাড়া থেকে রিনা ত্রিপুরা (২২) ও বিকেলে নয়ন মালা ত্রিপুরা(৫) নামে দুজনকে ফৌজদারহাট বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল ইনফেকসাস ডিজিজেসে (বিআইটিআইডি) ভর্তি করা হয়েছে। এ নিয়ে গতকাল পর্যন্ত দুই হাসপাতালে মোট ৮৮ জন চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে চমেক হাসপাতালে রয়েছে ৫৪ জন।

গতকাল বিকেলে ঢাকার স্বাস্থ্য অধিদপ্তর থেকে এই শিশুরা হামে আক্রান্ত বলে জানানো হয়। হাম শনাক্ত হওয়ার পর সুস্থ শিশুদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার পথটিও সুগম হলো বলে জানান সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী।

তিনি বলেন, এত দিন পর্যন্ত কী রোগ সেটা বের করার জন্য চেষ্টা হয়েছে। শনাক্ত হওয়ায় আর ভয়ের কিছু নেই। কারণ এই রোগের চিকিৎসা রয়েছে। যারা সুস্থ হয়েছে তাদেরকে চিকিৎসকেরা বুঝে-শুনে ছেড়ে দেবেন।

বিআইটিআইডি সূত্রে জানা গেছে, ওখানে চিকিৎসাধীন ৩১ জন শিশুর বেশির ভাগই সুস্থ। কিন্তু এত দিন কী রোগ সেটির ঘোষণা আসছিল না বলে তাদের হাসপাতালে আটকে রাখা হয়েছিল।

বিআইটিআইডির চিকিৎসক মামুনুর রশীদ প্রথম আলোকে বলেন, হাসপাতালে থাকা ৩১ জন শিশুর মধ্যে ২০ থেকে ২২ জন শিশু এখন সুস্থ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পেলে তাদের ছেড়ে দেওয়া যাবে।

একইভাবে চমেক হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের অনেকে সুস্থ বলে জানা গেছে। এখানে দুজন শিশু নিবিড় পরিচর্যাকেন্দ্রে ছিল। গতকাল তাদের সাধারণ শয্যায় নিয়ে আসা হয়েছে।

চমেক শিশুস্বাস্থ্য বিভাগের প্রধান অধ্যাপক প্রণব কুমার চৌধুরী বলেন, ‘ হাম ছোঁয়াচে রোগ। তবে এর চিকিৎসা রয়েছে। আমাদের এখানে চিকিৎসাধীন শিশুদের আলাদাভাবে রেখেছি। তারা সুস্থ রয়েছে। আস্তে আস্তে সবাইকে ছেড়ে দেওয়া হবে।’

 গত বুধবার সীতাকুণ্ডের মধ্যম সোনাইছড়ি ত্রিপুরাপাড়ায় এক দিনে চার শিশু মারা যায়। এর আগে এক সপ্তাহে একই পাড়ায় মারা যায় আরও পাঁচ শিশু। এক সপ্তাহে নয় শিশুর মৃত্যুর পর গণমাধ্যমকর্মীরা বিষয়টি প্রশাসনের নজরে আনেন। এরপর প্রশাসন আক্রান্ত অন্যান্য শিশুদের হাসপাতালে ভর্তি করায়। তখন  স্বাস্থ্য বিভাগ  শিশুগুলো অজ্ঞাত রোগে আক্রান্ত বলে জানিয়েছিল।