সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, সুস্থ সংস্কৃতি চর্চা না থাকায় আজকাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও হত্যাকাণ্ডের মতো অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ছেন। সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমে আলোকিত মানুষ গড়া সম্ভব।
গতকাল শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব অনার্স কলেজ মাঠে তিন দিনব্যাপী বঙ্গ সংস্কৃতি উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান নূর এসব কথা বলেন। ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমি, চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব অনার্স কলেজ ও চিনাইর আঞ্জুমান আরা উচ্চবিদ্যালয় যৌথভাবে এ উৎসবের আয়োজন করেছে।
সংস্কৃতিমন্ত্রী বলেন, ১৬ কোটি মানুষের এ দেশে যেভাবে সংস্কৃতি চর্চা হওয়া উচিত তা হচ্ছে না। একসময় বিভিন্ন এলাকায় বাড়িতে হারমোনিয়ামের শব্দ পাওয়া যেত। এখন টেলিভিশনের আওয়াজ পাওয়া যায়। বঙ্গ সংস্কৃতির মাধ্যমে আত্মার অনুসন্ধান করা যায়। তাই সংস্কৃতির অগ্রযাত্রা ধরে রাখতে হবে।
আসাদুজ্জামান নূর বলেন, ‘বিজ্ঞানী আইনস্টাইন ভালো ছাত্র ছিলেন না। তাঁর একটা বেহালা ছিল। তিনি যদি সংস্কৃতি চর্চা করে থাকতে পারেন, তাহলে আমাদের ছেলেমেয়েরা কেন পারবে না। আমাদের ধর্ম হত্যার কথা বলে না। নবীর আদর্শ মাথায় থাকলে কাউকে হত্যা করা সম্ভব না। একটি গোষ্ঠী আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করছে।’
অনুষ্ঠানে নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ব্রাহ্মণবাড়িয়ার দুই কৃতী সন্তান ওস্তাদ ক্যাপ্টেন আজিজুল হক ও চলচ্চিত্র ব্যক্তিত্ব মোরশেদুল ইসলামকে সংবর্ধনা দেওয়া হয়। তিন দিনের এ বঙ্গ সংস্কৃতি উৎসবে থাকছে ভারত-বাংলাদেশ তথা দুই বাংলার কবি-সাহিত্যিকদের সম্মেলন, লোকগান, কবিতা আবৃত্তি, নাচ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব অনার্স কলেজ মাঠ ছাড়াও শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতি ভাষা চত্বরেও এ উৎসব চলবে।
অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সাংসদ র আ ম মোকতাদির চৌধুরী সভাপতিত্ব করেন। বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক ফাহিমা খাতুন, বিশিষ্ট চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম, ত্রিপুরার কবি দিলীপ দাস ও বিশিষ্ট বংশীবাদক ওস্তাদ ক্যাপ্টেন আজিজুল ইসলাম। অনুষ্ঠানে কাজী রোজী এমপি, জেলা প্রশাসক মুহাম্মদ মোশাররফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।