তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ বলেছেন, সুস্থ সংস্কৃতি ধারা এবং দেশজ সংস্কৃতির বিকাশে সবাইকে একযোগে কাজ করতে হবে। বর্তমান সরকার এই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তিনি বিজ্ঞানী স্যার জগদীশচন্দ্র বসুর পৈতৃক বাসভবন সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।আবুল কালাম আজাদ গতকাল শুক্রবার মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার স্যার জেসি বোস কমপ্লেক্সে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের বার্ষিক বনভোজন অনুষ্ঠানে এই কথা বলেন। মন্ত্রী তাঁর মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বনভোজনে অংশ নেন এবং বনভোজনের বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ সুকুমার রঞ্জন ঘোষ, মুন্সিগঞ্জের জেলা প্রশাসক মো. আজিজুল আলম এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এর আগে মন্ত্রী বিজ্ঞানী স্যার জগদীশচন্দ্র বসুর পৈতৃক বাড়িতে প্রতিষ্ঠিত জেসি বোস ইনস্টিটিউশন ও জাদুঘর পরিদর্শন করেন। পরে বিকেলে মন্ত্রী বালাসুরে রাজা যদুনাথ রায়ের বাড়িতে নির্মাণাধীন বিক্রমপুর জাদুঘর ও সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শন করেন।