সুস্থ সবল জাতি গঠনে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুস্থ সবল জাতি গঠনে প্রতিটি নবজাতকের নিরাপদ প্রসবের ব্যাপারে অধিক যত্নশীল এবং মা ও শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করতে সরকারি প্রচেষ্টায় সক্রিয় অংশগ্রহণের জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল সোমবার ওসমানী স্মৃতি মিলনায়তনে নিরাপদ মাতৃত্ব দিবস-২০১২ ও শ্রেষ্ঠ স্বাস্থ্যসেবাদানকারীদের পুরস্কার বিতরণ উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করে। খবর বাসসের।প্রধানমন্ত্রী গর্ভধারণের আগে ও পরে প্রসূতি মায়েদের পুষ্টিকর খাবার দিতে এবং তাঁদের পর্যাপ্ত বিশ্রাম ও মানসিক চাপমুক্ত রাখার ব্যাপারে আরও মনোযোগী হতে পরিবারের জ্যেষ্ঠ সদস্যদের প্রতি আহ্বান জানান। তিনি মা, নবজাতক ও শিশুস্বাস্থ্য এবং সার্বিকভাবে জনগণের স্বাস্থ্যসেবার উন্নয়নে স্বাস্থ্যসেবাদানকারীদের আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের তাগিদ দেন।স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক, প্রধানমন্ত্রীর স্বাস্থ্য ও পরিবারকল্যাণ উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী মুজিবুর রহমান অনুষ্ঠানে বক্তৃতা করেন।মন্ত্রণালয়ের সচিব এম হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক আমীর হোসেন ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মোহাম্মদ শেফায়েতুল্লাহ বক্তৃতা করেন। অনুষ্ঠানে সাধারণ জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ৪২টি প্রতিষ্ঠানকে সাতটি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়।প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার প্রতিটি নাগরিকের অন্যতম সাংবিধানিক অধিকার মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দৃঢ় অঙ্গীকারবদ্ধ। শেখ হাসিনা বলেন, দেশের সব মেডিকেল কলেজ হাসপাতাল, ৫৯ জেলা হাসপাতাল, ১৩২ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ৭০টি মা ও শিশুকল্যাণ কেন্দ্র ও ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি সেবা দেওয়া হচ্ছে।প্রধানমন্ত্রী মা ও শিশু স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে সহায়তার জন্য ইউনিসেফ, ইউএনএফপিএ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও জাইকাসহ বেসরকারি সংস্থাগুলোকে ধন্যবাদ জানান।