একটি সম্প্রদায় গড়ার পেছনে কিছু মোড়ল থাকেন যাঁরা কাউকে কাউকে গণ্ডির বাইরে রেখে দেন। বাইরে থাকা মানুষেরা একঘরে হন, কখনো মারাও পড়েন। বৈচিত্র্যময়, সুস্থ সমাজ গড়তে হলে শুরুতেই কেউ বাদ পড়ে গেল কি না, বাদ দেওয়া হলো কি না, এ প্রশ্নগুলো তুলতে হবে।
গতকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত জেন্ডার ও উন্নয়নবিষয়ক তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের মূল বক্তব্যে এ কথা বলেন ইউনিভার্সিটি অব আমস্টারডামের শিক্ষক সাসকিয়া ই ওয়াইরিঙ্গা। সাসকিয়া গণ্ডির বাইরে থাকা জনগোষ্ঠী বলতে বুঝিয়েছেন অন্য ধর্মের, অন্য চেহারার মানুষ এবং হিজড়া, যৌন সংখ্যালঘুদের।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগ এ সম্মেলনের মূল উদ্যোক্তা। ‘জেন্ডার ডাইভারসিটি অ্যান্ড ডেভেলপমেন্ট’ শীর্ষক সম্মেলনে দেশ-বিদেশের খ্যাতনামা বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন। এতে সহযোগিতা করছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং জাতিসংঘের বিভিন্ন সংস্থাসহ বেশ কিছু বেসরকারি উন্নয়ন সংস্থা।
‘ইন্টারসেকশনালিটি ইন প্র্যাকটিস: এপিসটেমোলোজিক্যাল অ্যান্ড পলিটিক্যাল ইমপ্লিকেশনস’ নামের প্রবন্ধে সাসকিয়া বলেন, জাতি গঠনের সময় জাতীয়তাবাদ, ধর্ম এসব বিষয় গুরুত্ব পায়। কিন্তু জেন্ডার ও যৌনতাও যে জাতি গঠনের অনুষঙ্গ, সে বিষয়টি সাধারণের নজর এড়িয়ে যায়।
সম্মেলনের দ্বিতীয় পর্বে ‘কোয়েশ্চেনিং হেটারোনরমাটিভিটি: সেক্সুয়াল ডাইভারসিটি অ্যান্ড এমবডিমেন্ট’ শীর্ষক অধিবেশনে মো. আফজাল হোসেন বলেন, বাংলাদেশে যৌনতা গোপন বিষয়। গবেষণায় দেখা গেছে, ছেলেরা যৌননির্ভর বই ও সিনেমা দেখে এ বিষয়ে ধারণা পায়। এসব বই ও সিনেমায় পুরুষকে প্রধান চরিত্র হিসেবে উপস্থাপন করা হয়। এতে করে শক্তিতে শ্রেষ্ঠত্বের ধারণা অনেকের মনে এমনভাবে গেঁথে যায় যে তারা নারীর প্রতি সহিংস আচরণ করতে পিছপা হয় না।
‘রিকগনাইজিং উইমেনস ওয়ার্ক: চ্যালেঞ্জিং ইনইকুয়ালিটিস’ পর্বে চারটি প্রবন্ধ উপস্থাপিত হয়। প্রবন্ধগুলোর ওপর আলোচনা করেন সিপিডির বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণের যে সময়সীমা তা শেষ। পরবর্তী পর্যায়টিকে বলা হচ্ছে ‘এসডিজি’। আশার কথা, এসডিজিতে নারী সেবামূলক যেসব কাজ প্রতিদিন করে যাচ্ছে, তার স্বীকৃতির কথা বলা হয়েছে।
এর আগে সকাল ১০টায় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, ইমেরিটাস অধ্যাপক নাজমা চৌধুরী, বিভাগের চেয়ারম্যান তানিয়া হক, ইউনিসেফ ও ইউএসএআইডির প্রতিনিধিরা।