সুস্থ সমাজ গড়তে সবার অংশগ্রহণ জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি সম্প্রদায় গড়ার পেছনে কিছু মোড়ল থাকেন যাঁরা কাউকে কাউকে গণ্ডির বাইরে রেখে দেন। বাইরে থাকা মানুষেরা একঘরে হন, কখনো কখনো মারাও পড়েন। বৈচিত্র্যময়, সুস্থ সমাজ গড়তে হলে শুরুতেই কেউ বাদ পড়ে গেল কি না, কেন বাদ দেওয়া হলো এ প্রশ্নগুলো তুলতে হবে।

আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের মূল বক্তব্যে ইউনিভার্সিটি অব আমস্টারডামের শিক্ষক সাসকিয়া ই ওয়াইরিঙ্গা এ কথা বলেন। সাসকিয়া গণ্ডির বাইরে থাকা জনগোষ্ঠী বলতে বুঝিয়েছেন, অন্য ধর্মের, অন্য চেহারার মানুষ এবং হিজড়া ও যৌন সংখ্যালঘুদের।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগ আয়োজিত ‘জেন্ডার ডাইভারসিটি অ্যান্ড ডেভেলপমেন্ট’ শীর্ষক তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের প্রথম দিন ছিল আজ। সম্মেলনে দেশ-বিদেশের খ্যাতনামা বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন। এতে সহযোগিতা করছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং জাতিসংঘের বিভিন্ন সংস্থাসহ বেশ কিছু বেসরকারি উন্নয়ন সংস্থা।

মূল প্রবন্ধটির শিরোনাম ছিল ‘ইন্টারসেকশনালিটি ইন প্র্যাকটিস: এপিসটেমোলোজিকাল অ্যান্ড পলিটিক্যাল ইমপ্লিকেশনস’। প্রাবন্ধিক সাসকিয়া বলেন, জাতি গঠনের সময় জাতীয়তাবাদ, ধর্ম ইত্যাদি বিষয় গুরুত্ব পায়। কিন্তু জেন্ডার ও যৌনতাও যে জাতিগঠনের অনুষঙ্গ সে বিষয়টি সাধারণের নজর এড়িয়ে যায়। যাঁরা সম্প্রদায় গঠনের পেছনে কাজ করেন, তাঁরা কিছু ধ্যান-ধারণা চাপিয়ে দেন মানুষের ওপর। এতে অনেকে ক্ষতিগ্রস্ত হন। সাসকিয়া ঔপনিবেশিক শাসনের আগে এশিয়ার সংস্কৃতিতে হিজড়া বা ‘যৌন সংখ্যালঘুদের’ জোরালো উপস্থিতির কথা বলেন। তাঁর মতে ইউরোপীয়রা এ অঞ্চলের মানুষের দৃষ্টিভঙ্গিকে সংকীর্ণ করেছে।

সম্মেলনের দ্বিতীয় পর্বে ‘কোয়েশ্চেনিং হেটারোনরমাটিভিটি: সেক্সুয়াল ডাইভারসিটি অ্যান্ড এমবডিমেন্ট’ ও ‘রিকগনাইজিং উইমেনস ওয়ার্ক: চ্যালেঞ্জিং ইনইকুয়ালিটিস’ শিরোনামে দুটি অধিবেশন ছিল।
‘কোয়েশ্চেনিং হেটারোনরমাটিভিটি: সেক্সুয়াল ডাইভারসিটি অ্যান্ড এমবডিমেন্ট’ অধিবেশনে গবেষক মো. আফজাল হোসেন একটি প্রবন্ধ উপস্থাপন করেন। ওই প্রবন্ধে তিনি বলেন, বাংলাদেশে যৌনতা একটি গোপন বিষয়। গবেষণায় দেখা গেছে, ছেলেরা যৌনতানির্ভর বই ও সিনেমা দেখে এ বিষয়ে ধারণা পায়। বেশির ভাগ ক্ষেত্রেই এসব বই ও সিনেমায় পুরুষকে প্রধান চরিত্র হিসেবে উপস্থাপন করা হয়। এতে করে শক্তিতে শ্রেষ্ঠত্বের ধারণা অনেকের মনে এমনভাবে গেঁথে যায় যে, তাঁরা নারীর প্রতি সহিংস আচরণ করতে পিছপা হয় না।

‘রিকগনাইজিং উইমেন্স ওয়ার্ক: চ্যালেঞ্জিং ইনইকুয়ালিটিস’ পর্বে চারটি প্রবন্ধ উপস্থাপিত হয়। প্রবন্ধগুলোর ওপর আলোচনা করেন সিপিডির সাম্মানিক ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণের যে সময়সীমা তা শেষ। পরবর্তী পর্যায়টিকে বলা হচ্ছে ‘এসডিজি’। আশার কথা এসডিজিতে নারী সেবামূলক যেসব কাজ প্রতিদিন করে যাচ্ছেন তার স্বীকৃতির কথা বলা হয়েছে। তিনি আরও বলেন, সিপিডির গবেষণায় দেখা গেছে, নারীরা গৃহস্থালিতে বিনা পারিশ্রমিকে যে কাজ করেন তার মূল্য জিডিপির ৭৭ থেকে ৮৭ শতাংশ পর্যন্ত।

এর আগে সকাল ১০টায় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, ইমেরিটাস অধ্যাপক নাজমা চৌধুরী, বিভাগের চেয়ারম্যান তানিয়া হক, ইউনিসেফ ও ইউএসএআইডির প্রতিনিধিরা।