সুস্থ হওয়া রোগীর ২২ শতাংশের আবার যক্ষ্মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটাবের বার্ষিক সভায় সরকারের একজন পদস্থ কর্মকর্তা বলেছেন, সুস্থ হওয়া যক্ষ্মারোগীদের ২২ শতাংশের মধ্যে আবার রোগটি ধরা পড়ছে। তাঁদের মধ্যে একটি বড় অংশ ওষুধ প্রতিরোধী যক্ষ্মায় (মাল্টিড্রাগ রেজিস্ট্যান্ট টিবি) আক্রান্ত। আপাত লুকিয়ে থাকা এসব রোগী জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির সফলতার পথে বড় বাধা।
গতকাল শনিবার ন্যাশনাল টিউবারকিউলোসিস রেফারেন্স ল্যাবরেটরির (এনটিআরএল) প্রধান মোস্তফা কামাল ন্যাশনাল অ্যান্টি-টিউবারকিউলোসিস অ্যাসোসিয়েশনের (নাটাব) বার্ষিক সাধারণ সভায় এসব কথা বলেন। রাজধানীর এলজিইডি মিলনায়তনে আয়োজিত সভায় মোস্তফা কামাল বলেন, নতুন ‘জিন এক্সপার্ট’ প্রযুক্তি ব্যবহার করে দুদিনে সব ধরনের যক্ষ্মা নির্ণয় করা যাচ্ছে। দেশের ৩৭টি জায়গায় পরীক্ষা-নিরীক্ষার সুযোগ আছে। কিন্তু শুধু যক্ষ্মার লক্ষণ আছে—এমন রোগীরা এ পরীক্ষার সুযোগ পাচ্ছেন।
মোস্তফা কামাল জানান, জাতীয় বক্ষব্যাধি হাসপাতাল, বারডেম ও চট্টগ্রাম বক্ষব্যাধি হাসপাতালে গত এক বছরে ৬ হাজার ৭১০ জন রোগীকে পরীক্ষা-নিরীক্ষার আওতায় আনা হয়। আগে যাঁদের যক্ষ্মা ছিল, চিকিৎসায় ভালো হওয়ার পর এখন বুকের অন্য রোগে ভুগছেন—এমন রোগীদের ২২ শতাংশের মধ্যে যক্ষ্মা শনাক্ত হয়েছে। তাঁদের ৮ দশমিক ৬ শতাংশ ওষুধ প্রতিরোধী যক্ষ্মায় আক্রান্ত। অন্যদিকে ফুসফুসের অন্য রোগ নিয়ে হাসপাতালে এসেছেন—এমন রোগীদের ১০ শতাংশের মধ্যে যক্ষ্মা ধরা পড়েছে।
নাটাবের বার্ষিক সভায় গতকাল আরও নয়টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হয়। আলোচকেরা বলেন, যক্ষ্মা নিয়ন্ত্রণে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি আছে। তবে এখনো অনেক রোগী রোগ নির্ণয়ের সুযোগ নিচ্ছেন না, অনেকে নিয়ম মেনে ওষুধ খাচ্ছেন না, দেশে ওষুধ প্রতিরোধী যক্ষ্মার প্রকোপ বাড়ছে, নির্ণয়পদ্ধতি জটিল হওয়ায় অনেক শিশুর চিকিৎসা ঠিক সময়ে শুরু করা হচ্ছে না।
অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, নাটাবের জ্যেষ্ঠ সহসভাপতি মো. মোজাফফর হোসেন পল্টু, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি সাবেরা সুলতানা প্রমুখ বক্তব্য দেন।