সুস্থ হতে চান নির্মল সেন
যে মানুষটি সারা জীবন সাধারণ মানুষের অধিকার আদায়ের কথা বলেছেন, লিখেছেন, আজ তিনি অনেকটাই নির্বাক। হাত-পা নিথর। ক্ষুধা লাগলেও বলতে পারেন না। পক্ষাঘাতসহ নানান ব্যাধিতে আক্রান্ত তিনি। প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাচ্ছেন না। আর অর্থাভাব তো রয়েছেই। এভাবেই বিশিষ্ট সাংবাদিক ও কলাম লেখক নির্মল সেন গোপালগঞ্জের কোটালীপাড়ায় দিঘীরপাড় গ্রামের বাড়িতে বর্তমানে দিন কাটাচ্ছেন।নির্মল সেনের ভাতিজা কংকন সেন জানান, ২০০৩ সালের ১১ নভেম্বর ব্রেনস্ট্রোকে আক্রান্ত হন নির্মল সেন। চিকিৎসার জন্য তাঁকে সিঙ্গাপুর নেওয়া হয়। তিন মাসের মাথায় চিকিৎসা শেষ না করেই অর্থাভাবে তাঁকে ফিরতে হয়। সেখানকার চিকিৎসকদের ভাষ্যমতে, আরও দুই মাস চিকিৎসা পেলে তিনি সম্পূর্ণ সুস্থ না হলেও হাঁটতে ও কথা বলতে পারতেন। সিঙ্গাপুর থেকে দেশে আনার পর তিনি আট মাস সাভারের সিআরপিতে চিকিৎসাধীন ছিলেন। পরে অর্থাভাবে তাঁকে গ্রামের বাড়িতে চলে আসতে হয়।কংকন সেনের মাধ্যমে অস্পষ্ট কণ্ঠে নির্মল সেন জানালেন, তিনি সুস্থ হতে চান। দেশের জন্য, মানুষের জন্য লিখতে চান। তিনি বলেন, যাঁদের কাছে তিনি টাকা পাবেন, এই সময়ে অন্তত তাঁরা যেন পাওনা দিয়ে দেন। নির্মল সেন এখন দিঘীরপাড়ে তাঁর গ্রামের বাড়িতে প্রায় সারা দিন শুয়ে থাকেন। কখনো হুইল চেয়ারে বসে সময় কাটান। এখন তেমন কেউ আর তাঁর সঙ্গে দেখা করতেও আসেন না। আক্ষেপ করে তিনি বলেন, ‘আর কারও পরিণতি যেন আমার মতো না হয়।’