সুস্থ হতে সময় লাগে, নিরাশ হবেন না
প্রথম আলো ট্রাস্ট মাদকবিরোধী আন্দোলনের উদ্যোগে মাদকবিরোধী পরামর্শ সহায়তা অনুষ্ঠানে বক্তারা বলেছেন, অভিভাবকেরা কখনো নিরাশ হবেন না। অনেক পরিবারে হয়তো এ সমস্যা আছে। সুস্থ হতে সময় লাগে। সন্তানদের পর্যাপ্ত সময় দেওয়া উচিত।
রাজধানীর ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে গতকাল শনিবার বিকেলে মাদকবিরোধী পরামর্শ সহায়তা-৫৫ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মাদকাসক্ত ব্যক্তি এবং তাদের অভিভাবকদের কাছ থেকে বিভিন্ন সমস্যা শুনে পরামর্শ দেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক আহমেদ হেলাল, জিল্লুর রহমান খান, কেন্দ্রীয় মাদকাসক্তি হাসপাতালের আবাসিক চিকিৎসক আখতারুজ্জামান সেলিম, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালের সহযোগী অধ্যাপক ফারজানা রাবিন ও আপনের নির্বাহী পরিচালক ব্রাদার রোনাল্ড ড্রাহোজাল।
আলোচকেরা অভিভাবকদের উদ্দেশে বলেন, সন্তান কোথায় যাচ্ছে, কী করছে, কখন ফিরছে, প্রতিটি বিষয়ে বাবা-মাকে খোঁজ নিতে হবে। সন্তানেরা যাদের সঙ্গে মিশছে, তাদের সম্পর্কেও খোঁজ নিতে হবে। সন্তানদের সঙ্গে এমন সম্পর্ক গড়তে হবে, যাতে সন্তানেরা বাবা-মাকে সবকিছু খুলে বলতে পারে। প্রথম আলো ট্রাস্টের কর্মসূচি ব্যবস্থাপক ফেরদৌস ফয়সাল অনুষ্ঠান সঞ্চালনা করেন।