'সুস্থ' হয়ে উঠছেন নিজামী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মতিউর রহমান নিজামী
মতিউর রহমান নিজামী

রায় ঘোষণার আগ মুহূর্তে ঢাকা কেন্দ্রীয় কারাগারে হঠাৎ ‘অসুস্থ’ হয়ে পড়া জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে দাবি করেছে কারা কর্তৃপক্ষ। কারা সূত্র জানিয়েছে, আগামীকাল বৃহস্পতিবার তাঁর স্বাস্থ্য পরীক্ষা-সংক্রান্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানো হতে পারে।

গতকাল মঙ্গলবার নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার দিন ধার্য ছিল। কিন্তু সোমবার রাত তিনটার দিকে ‘অস্বাভাবিক উচ্চ রক্তচাপের’ জন্য নিজামী অসুস্থ হয়ে পড়েন। পরদিন সকাল আটটা পর্যন্ত তিনি ট্রাইব্যুনালে হাজির হওয়ার মতো সুস্থ না হওয়ার বিষয়টি কারা কর্তৃপক্ষ ট্রাইব্যুনালকে জানিয়ে দেয়। আসামির অনুপস্থিতিতে রায় ঘোষণা যুক্তিসংগত মনে না করায় ট্রাইব্যুনাল আবারও তা রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন।

নিজামীর শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে ঢাকা কেন্দ্রীয়  কারাগারের জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক ফরমান আলী আজ প্রথম আলোকে বলেন, ‘কারা হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে থাকা নিজামী আগের দিনের চেয়ে সুস্থ হয়েছেন। সন্ধ্যা ছয়টা পর্যন্ত কারা চিকিত্সকেরা তিনবার তাঁর স্বাস্থ্য পরীক্ষা করেছেন, রাতে আরেকবার করবেন। তাঁকে এখনো কারাগারের নির্ধারিত কক্ষে (সেল) নেওয়া হয়নি।’

গতকাল রায় ঘোষণা আবারও অপেক্ষমাণ রেখে ট্রাইব্যুনাল আদেশে বলেন, যত দ্রুত সম্ভব নিজামীর স্বাস্থ্য পরীক্ষার বিস্তারিত প্রতিবেদন ট্রাইব্যুনালকে পাঠাতে হবে। তবে আজ পর্যন্ত কারা কর্তৃপক্ষ এ প্রতিবেদন পাঠায়নি। কারা সূত্র জানিয়েছে, নিজামীর শারীরিক অবস্থা জানিয়ে স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন কাল ট্রাইব্যুনালে পাঠানো হতে পারে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

রায় ঘোষণার দিন ধার্য হওয়ার পর গত সোমবার সন্ধ্যায় নিজামীকে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। কাশিমপুর কারা সূত্র জানায়, এখানে দীর্ঘদিন ধরে বন্দী থাকা নিজামী এর আগে হঠাত্ এমন গুরুতর অসুস্থ হয়ে পড়েননি। তবে প্রায় এক মাস আগে তিনি অসুস্থ হয়ে পড়লে তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) পাঠানো হয়। ওই সময় তিনি দ্রুত সুস্থ হয়ে যান। ১০ ট্রাক অস্ত্র মামলার বিচার চলাকালে নিজামীকে সপ্তাহে একবার চট্টগ্রামে আনা-নেওয়া করা হতো। ওই সময় নিয়মিত ভ্রমণের কারণে শারীরিকভাবে কিছুটা দুর্বল হয়ে পড়লেও তিনি কখনোই একেবারে শয্যাশায়ী হননি।

জানতে চাইলে কাশিমপুরের হাই সিকিউরিটি কারাগারের তত্ত্বাবধায়ক মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘রায় ঘোষণার দিন ধার্য হওয়ার পর সোমবার সন্ধ্যায় নিজামীকে যখন ঢাকায় পাঠানো হয়, তখন তিনি সুস্থ ছিলেন। শয্যাশায়ী থাকলে তো আর ঢাকায় পাঠানো যেত না।’

নিজামীর কী ধরনের শারীরিক অসুস্থতা রয়েছে—এমন প্রশ্নের জবাবে এই কারা কর্মকর্তা বলেন, ‘নিজামী বয়স্ক মানুষ, এই বয়সে নানা ধরনের সমস্যা থাকে। চিকিত্সকেরা জানিয়েছেন, তাঁর মেরুদণ্ডে সমস্যা থাকায় হাঁটাচলায় সমস্যা হয়। এ ছাড়া তিনি ডায়াবেটিক রোগী, চোখেও সমস্যা আছে।’