সুস্থ হয়ে উঠছে ভালুক-বিড়ালটি

মানুষের হাতে আহত দুর্লভ প্রজাতির ভালুক-বিড়ালটি ধীরে ধীরে সুস্থ হচ্ছে। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনে নিবিড় পর্যবেক্ষণে রেখে প্রাণীটিকে চিকিৎসা ও সেবা দেওয়া হচ্ছে। গত বুধবার আহত অবস্থায় এই প্রাণীটিকে সেবা ফাউন্ডেশনে নিয়ে আসা হয়।
গত শুক্রবার ফাউন্ডেশনে গিয়ে দেখা গেছে, বেশির ভাগ সময়ই ভালুক-বিড়ালটি শুয়ে সময় কাটাচ্ছে। তবে কাছে গেলে ওঠে দাঁড়ায়। অনেকটা ভীত-সন্ত্রস্ত প্রাণীর মতো খাঁচার ভেতর ছোটাছুটি করে। খাঁচার রডের কাছে মাথা এনে ফোঁস ফোঁস করে। এ ছাড়া সারাক্ষণই মৃদু গোঁ গোঁ শব্দ করছে।
ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বলেন, ভালুক-বিড়ালটি সামান্য খাবার খাচ্ছে। এখনো স্বাভাবিক হয়ে ওঠেনি। ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে। যেদিন নিয়ে আসা হয়েছিল, তখন অবস্থা বেশি খারাপ ছিল। মাথা তুলতে পারেনি। এখন কাছে গেলে ওঠে দাঁড়ায়।
চিকিৎসার তত্ত্বাবধানকারী শ্রীমঙ্গলের ভেটেরিনারি সার্জন মো. আরিফুল ইসলাম বলেন, প্রাণীটি ঘাড় ও জিহ্বায় আঘাত পেয়েছে। এখন কিছুটা ভালো। তবে স্বাভাবিক পর্যায়ে যায়নি। মানুষ দেখলে ভয় পায়। হয়তো আক্রমণের ভীতি কাটেনি। তা ছাড়া এই পরিবেশে প্রাণীটি অভ্যস্ত না।
বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ সূত্রে জানা গেছে, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়দল ইউনিয়নের ব্রাহ্মণগাঁওয়ের একটি বাড়িতে ২ জানুয়ারি প্রাণীটি ধরা পড়ে। বাংলাদেশে এটি একটি দুর্লভ প্রাণী। মিশ্র চিরসবুজ বন ও বাঁশঝাড়ে এগুলো বাস করে। আইইউসিএন ও বন বিভাগ কর্তৃক প্রকাশিত রেড লিস্ট অব বাংলাদেশ গ্রন্থে এটিকে ‘ভালনারেবল’ পর্যায়ে রাখা হয়েছে।
শ্রীমঙ্গল বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. তবিবুর রহমান বলেন, প্রাণীটির অবস্থা জানতে নিয়মিত খোঁজ রাখা হচ্ছে। সুস্থ হওয়ার পর অবমুক্ত করা হবে। তবে লাউয়াছড়া না আদমপুর বনে অবমুক্ত করা হবে, এখনো ঠিক হয়নি।