সুস্থ হয়ে ক্লাসে ফিরতে চায় স্কুলছাত্রী আঁখি
নোয়াখালীর শিবপুর মুসলিম হাইস্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী তাসলিমা আক্তার আঁখি। এক দিন বিদ্যালয়ে না গেলে যে মেয়েটি অস্থির হয়ে পড়ত, সে এখন হাসপাতালের শয্যায়। হঠাৎই তার শরীরে ধরা পড়েছে ব্লাড ক্যানসার।
আঁখিদের বাড়ি নোয়াখালীর মাইজদী সদর থানার শিবপুর গ্রামে। ছয় বোনের সবার ছোট সে। বাবা বেলাল হোসেন রাজধানীর তেজগাঁও কলোনি বাজারে সবজি বিক্রি করেন।
বর্তমানে আঁখি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যানসার বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকের অধীন চিকিৎসাধীন। চিকিৎসকেরা জানান, নিয়মিত চিকিৎসা সম্ভব হলে মেয়েটি সুস্থ হয়ে উঠবে। তাঁরা দেশের বাইরে মেয়েটিকে পাঠানোর পরামর্শ দেন। দেশে চিকিৎসা করানো হলেও খরচ হবে ৮ থেকে ১০ লাখ টাকা।
সবজি বিক্রি করে আঁখির দরিদ্র বাবা যেখানে সংসার চালাতে হিমশিম খান, সেখানে এত টাকা কীভাবে জোগাড় করবেন, তা ভেবে দিশেহারা। বাধ্য হয়ে মেয়েটিকে বাঁচাতে সমাজের দাতা ব্যক্তি ও সংগঠনগুলোর সহায়তা কামনা করেছেন তিনি। সহায়তা পাঠানোর ঠিকানা: শিল্পী, হিসাব নম্বর ২৩৬.৯১০.১১১.৬৭১০, পূবালী ব্যাংক, সাতরাস্তা শাখা, ঢাকা। বিজ্ঞপ্তি।