সুস্থ হয়ে ডানা মেলল আহত চিল ও লক্ষ্মীপ্যাঁচা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের দাড়িয়াপাড়ায় এক বাড়ির সামনে শিকারির গুলিতে আহত হয়ে পড়ে ছিল একটি ভুবন চিল। কাছাকাছি আরেক স্থানে শীতে জবুথবু হয়ে বসে ছিল এক লক্ষ্মীপ্যাঁচা। পারছিল না নড়াচড়া করতে। প্রায় দুই সপ্তাহের পরিচর্যায় সুস্থ হয়ে ওঠার পর পাখি দুটিকে ছেড়ে দেওয়া হয়েছে।
গতকাল শুক্রবার সকালে পরিবেশবাদী ও প্রাণী অধিকার-বিষয়ক কয়েকটি সংগঠনের নেতাদের উপস্থিতিতে নগরের টিলাগড়ের সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হয় পাখি দুটি।
ডানা মেলে উড়িয়ে দেওয়া এ পাখি দুটির সেবা দেওয়া হয় অকালপ্রয়াত চিত্রনায়ক সালমান শাহর দাড়িয়াপাড়ার মামার বাড়ির ‘আলিজা প্রাণী সেবা আশ্রমে’। গতকাল পাখি দুটি অবমুক্ত করার মধ্য দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধনও করা হয় আশ্রমটির।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিম, পরিবেশবাদী সংগঠন ‘ভূমিসন্তান বাংলাদেশ’-এর সমন্বয়ক মোহাম্মদ আশরাফুল কবীর, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাণী অধিকার-বিষয়ক সংগঠন ‘প্রাধিকার’-এর মনজুর কাদের চৌধুরী প্রমুখ।
ভুবন চিল ও লক্ষ্মীপ্যাঁচা অবমুক্ত করার সময় ওই বাড়ির মালিক আলমগীর কুমকুম জানান, ১৬ বছর আগে নিউইয়র্কে বাস্কেটবল খেলতে গিয়ে মারা যায় তাঁর ১৯ বছর বয়সী ছেলে আলিজা কুমকুম। ছেলেকে স্মরণেই তিনি প্রাণী সেবা আশ্রমটি প্রতিষ্ঠার উদ্যোগ নেন। এ বাড়িতেই সালমান শাহর স্মৃতি সংরক্ষণাগারও রয়েছে।