সুস্থ হয়ে মা-বাবার কোলে আয়েশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র ২৮ সপ্তাহে কম ওজন নিয়ে জন্ম নেওয়া শিশু আয়েশা এখন সুস্থ। সঠিক চিকিৎসা ও নিবিড় তত্ত্বাবধানে থাকা আয়েশা বিনতে ইশরাকের বয়স এখন তিন মাস (১০২ দিন)। গতকাল সোমবার হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে মা-বাবার কোলে ফিরে গেছে আয়েশা।

রাজধানীর অ্যাপোলো হাসপাতালে গত ২৩ সেপ্টেম্বর ২০১৬ তারিখে মাত্র ৫৯০ গ্রাম (১.৩ পাউন্ড) ওজন নিয়ে জন্ম হয় আয়েশার। তার বাবা আলী ইশরাক পেশায় ব্যবসায়ী এবং মা নাজিয়া ফেরদৌস স্থপতি। জন্মের পর অপরিণত আয়েশাকে হাসপাতালের চিকিৎসক ও সেবিকা নিবিড় তত্ত্বাবধানে রাখা হয়।

হাসপাতালের স্ত্রীরোগবিদ্যা এবং ধাত্রীবিদ্যা বিভাগের জ্যেষ্ঠ চিকিৎসক গুলশান আরা বলেন, নবজাতকের মা নাজিয়ার দীর্ঘকালীন উচ্চ রক্তচাপ থাকায় উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণকারী ওষুধ গ্রহণ করতেন। এ কারণে তাঁর গর্ভকালীন খিঁচুনি (প্রি-এক্লাম্পসিয়া) সংক্রান্ত সমস্যা ছিল। মায়ের গর্ভে থাকাকালীন ভ্রূণের নড়াচড়া, বৃদ্ধি এবং রক্ত চলাচল কম থাকায় অস্ত্রোপচার করে শিশুটিকে পরিপূর্ণ বয়স হওয়ার আগেই বের করে আনা হয়। মায়ের গর্ভে মাত্র ২৮ সপ্তাহ থাকার পর গত ২৩ সেপ্টেম্বর শিশুটি জন্মগ্রহণ করে।

জ্যেষ্ঠ শিশুরোগ বিশেষজ্ঞ আবু সাঈদ মোহাম্মদ ইকবাল বলেন, সাধারণত ৩৭ সপ্তাহের আগে এবং ২৫০ কিলোগ্রামের (৫৫১ পাউন্ড) কম ওজন নিয়ে জন্ম নেওয়া শিশুদের প্রি-ম্যাচিউরড (অপরিণত) নবজাতক বলা হয়। এসব শিশুর রোগ প্রতিরোধক্ষমতা পূর্ণ বয়সী শিশুদের চেয়ে কম হয়। শিশু আয়েশারও পূর্ণ রোগ প্রতিরোধক্ষমতা তৈরি হয়নি। জন্মের পর ৭৭ দিন পর্যন্ত তার শ্বাস নিতে সমস্যা হয়েছে। একসময় তাকে লাইফ সাপোর্টেও রাখতে হয়েছে। এ ছাড়া নানা সমস্যা এবং দুধের প্রোটিনে অ্যালার্জি থাকায় তাকে স্তন্যপান থেকে বিরত রাখা হয়। এরপর নবজাতকটিকে ৯৫ দিন চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়।

আবু ইকবাল বলেন, তার ফুসফুসের স্বাভাবিক কার্যক্রম ঠিক রাখতে চিকিৎসক ও সেবিকারা অক্সিজেন সরবরাহ করা এবং লেজারের মাধ্যমে দৃষ্টি ঠিক রাখার মতো সূক্ষ্ম ও নিবিড় পর্যবেক্ষণের কাজ করেছেন। বর্তমানে শিশুটির বয়স তিন মাস। এখন সে তার সমবয়সী অন্য শিশুর মতোই মায়ের বুকের দুধ পান করছে এবং সুস্থ জীবনযাপন করছে।

 শিশু আয়েশার সুস্থভাবে হাসপাতাল ত্যাগ উপলক্ষে গতকাল সোমবার অ্যাপোলো হাসপাতালের অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন চিকিৎসক রত্ন-দ্বীপ চাস্কার, চিফ অপারেটিং অফিসার এনায়েত উল্লাহ্ খান, বিজনেস ডেভেলপমেন্ট কর্মকর্তা ডা. আরিফ মাহমুদ, হাসপাতালের সিনিয়র জেনারেল ম্যানেজার, মেডিকেল সার্ভিসেসসহ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকেরা।