সুস্থ হয়ে স্লোগানে ফিরছেন লাকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘যেকোনো মূল্যে আন্দোলনের ঐক্য ধরে রাখতে হবে। আমি কিছুটা সুস্থ বোধ করছি। আশা করি, আগামীকাল আবার দেখা হবে স্লোগানে স্লোগানে। সব ষড়যন্ত্র ঝেড়ে ফেলে আমাদেরই জয় হবে। কাদের মোল্লাসহ সব যুদ্ধাপরাধীর ফাঁসির রায় কার্যকর করে তবেই ঘরে ফিরব।’গতকাল সোমবার শাহবাগের প্রজন্ম চত্বরের গণজাগরণের স্লোগান-কন্যা লাকি আখতার বারডেম হাসপাতালের কেবিনে চিকিৎসারত অবস্থায় প্রথম আলোর সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।গত রোববার রাতে মঞ্চে স্লোগান দেওয়ার সময় লাকির মাথায় পেছন থেকে আঘাত করা হয়। তাৎক্ষণিকভাবে লাকিকে আন্দোলকারীরা বারডেম হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক বিকাশ ভৌমিকের তত্ত্বাবধানে চিকিৎসায় তিনি কিছুটা সুস্থ হয়ে উঠেছেন। তবে শরীর দুর্বল হয়ে পড়েছে, পানির স্বল্পতা দেখা দিয়েছে। চিকিৎসকেরা তাঁকে আরও এক দিন বিশ্রাম নিতে পরামর্শ দিয়েছেন।বাংলাদেশ ছাত্র ইউনিয়নের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক লাকি বলেন, ‘আমার বাবা ফজলুল হক একজন মুক্তিযোদ্ধা। তাঁর মতো অসংখ্য মুক্তিযোদ্ধার লড়াইয়ের অনুপ্রেরণা আমাদের এই আন্দোলনের বড় শক্তি। আমার অসুস্থতাকে পুঁজি করে একটি চক্র আন্দোলনে বিভ্রান্তি ছড়াতে মাঠে নেমেছে। এসব চক্রান্ত ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে গণমাধ্যমের সহায়তা করতে হবে।’রাজনৈতিক নেতাদের মঞ্চে বক্তৃতা করতে না দেওয়ার ব্যাপারে আপনি স্লোগান দেওয়ায় আপনাকে ছাত্রলীগের কর্মীরা আঘাত করেছেন বলে প্রচার করা হয়েছে—বিষয়টি উত্থাপন করলে লাকি বলেন, ‘কারা আঘাত করেছে, আমি খেয়াল করিনি। যারা আমাকে মেরেছে, তাদের অবশ্যই খুঁজে বের করে শাস্তি দিতে হবে। তবে একই সঙ্গে আন্দোলনের ঐক্যও ধরে রাখতে হবে।’ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, ‘লাকি বক্তৃতা দেওয়ার সময় পেছন থেকে কে বা কারা বোতল বা অন্য কিছু দিয়ে ঢিল মেরেছে। সেই বোতল আমার গায়েও লেগেছে।’ আন্দোলনের ঐক্য নষ্ট করতে ষড়যন্ত্রমূলকভাবে এটি হতে পারে বলে মন্তব্য করেন তিনি।ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান তারেক বলেন, ‘ঐক্য নষ্ট করার সব ষড়যন্ত্রের বিরুদ্ধেও আমরা সোচ্চার আছি। তবে লাকির ওপরে যে-ই আঘাত করুক না কেন, তাকে খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা করতে হবে।’