এমবিবিএসের ছাত্র সুজন চন্দ্র নাথ (২৩) ভারতে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন। কিন্তু এখনো ডান চোখে দেখেন না। শুনতে পান না ডান কানেও। আর কদিন পরই এমবিবিএস ফাইনাল পরীক্ষা। পড়তে বসলে ডান কান, চোখ আর মাথাজুড়ে ব্যথা। একটি ককটেল হবু এই চিকিৎসকের স্বপ্নটা তছনছ করে দিয়েছে। সুজনের চোখের মতো অনিশ্চিত জামাল উদ্দিনের (২৮) ডান পায়ের ভবিষ্যৎ। চট্টগ্রাম নগরের আগ্রাবাদে গত ১৫ জুলাই জামায়াত-শিবিরের হরতালের সময় ককটেলে জামালের ডান পায়ের হাঁটুর নিচে ক্ষতবিক্ষত হয়। জামাল এখন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এখনো তাঁর হাড়ের অস্ত্রোপচার করা যায়নি।
গত ১২ মার্চ নগরের চেরাগী পাহাড়ের মোড়ে জামায়াত-শিবিরের ছোড়া ককটেল বিস্ফোরণে বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্র সুজন নাথ আহত হন। এখানকার চিকিৎসকেরা তাঁর চোখের অক্ষিগোলক নষ্ট হয়ে গেছে বলে জানান। এ ছাড়া পর্দা ফেটে যায় কানের। ভারতের চেন্নাইয়ে শংকর নেত্রালয়ে অস্ত্রোপচার করে সম্প্রতি দেশে ফিরেছেন। আগামী নভেম্বরে আবার যেতে বলেছেন চিকিৎসকেরা। কিন্তু সে সামর্থ্য এখন আর মধ্যবিত্ত এই পরিবারটির নেই। সুজন বলেন, ‘চেন্নাইয়ে অস্ত্রোপচার হয়েছে। এখনো চোখ-কান কিছুই ভালো হয়নি। চিকিৎসকেরা নভেম্বরে আবার যেতে বলেছে। জানি না পারব কি না। আর্থিক সামর্থ্য আর কুলাচ্ছে না।’ সুজনের চিকিৎসার জন্য এই পর্যন্ত সাত লাখ টাকারও বেশি খরচ করেছে পরিবারটি। কিন্তু কোনো দিক থেকে কোনো সাহায্য পায়নি। প্রধানমন্ত্রীর দপ্তর বরাবরে আবেদন করেও সাড়া পাওয়া যায়নি। এমনকি বিশ্ববিদ্যালয়ে সুজনের সাহায্যের জন্য তোলা টাকাটাও এখনো পাননি।
সুজন ক্ষোভের সঙ্গে বলেন, ‘আমি তো কোনো রাজনীতি করি না। কিন্তু অপরাজনীতির শিকার হয়ে চোখ হারাতে বসেছি। আমার বাবা ধারকর্জ করে চিকিৎসা চালাচ্ছেন। সরকার কতজনকে সাহায্য করছে। আমি কি অপরাধ করেছি?’ সুজনের দুই চোখে স্বপ্ন ছিল এমবিবিএস পাস করে চিকিৎসক হবেন। কিন্তু এখন সেটাই হুমকিতে পড়েছে। পড়তে গেলে চোখ, কান ও মাথা ব্যথা করে। ক্লাসও করতে পারেন না। বেশির ভাগ সময় কাটে নগরের রুমঘাটার বাসায়।
এদিকে জামাল এখন ব্যথায় কাতরাচ্ছেন। পৌনে দুই মাসেও তাঁর চুরমার হয়ে যাওয়া হাড়ের অস্ত্রোপচার করা যায়নি।
কুমিল্লার নাঙ্গলকোট এলাকার বাসিন্দা জামাল নগরের আগ্রাবাদে ফুটপাতে একটি ফ্লেক্সিলোডের দোকান করতেন। তাঁর আয়ের ওপর সংসার চলত। এখন বাঁচার লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি।
জামাল বলেন, ‘ঢাকায় পঙ্গু হাসপাতালে বলেছিল পা কেটে ফেলতে হবে। পরে একটি বেসরকারি হাসপাতালে দুই লাখ টাকা খরচ করেছি। কিন্তু কোনো লাভ হয়নি। পরে কুমিল্লা মেডিকেলে আসি। এখন আর পারছি না। প্রতিদিন ওষুধ বাবদ খরচ হয় দেড় হাজার টাকা। এত টাকা আমি কোথায় পাব? জানি না শেষ পর্যন্ত চিকিৎসা শেষ করাতে পারি কি না।’