সুস্বাদু ফলের ৬৪ নতুন জাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) জার্মপ্লাজম সেন্টারে উদ্ভাবিত হয়েছে সুস্বাদু ফলের ৬৪টি নতুন জাত। এর মধ্যে আম রয়েছে ১৭ জাতের, আর পেয়ারা রয়েছে নয় জাতের। কুল রয়েছে তিন জাতের, লেবুও তিন জাতের।জার্মপ্লাজম সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক ফলবিজ্ঞানী অধ্যাপক রহিম প্রথম আলোকে বলেন, ‘মুক্তায়িত এ ফলের গাছগুলো সাধারণত বামন প্রকৃতির এবং আকারে ছোট। সহজেই বাড়ির চারপাশের খোলা জায়গায় কিংবা ছাদে টবে চাষ করা যায়। একই সঙ্গে বাণিজ্যিকভাবেও মাঠপর্যায়ে এসব ফলের জাত চাষ করা যায়।’জার্মপ্লাজম সেন্টার সূত্র জানায়, সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশনের অর্থায়নে ১৯৯০ সাল থেকে বিশ্ববিদ্যালয়ের ফলগাছ উন্নয়ন প্রকল্প ফলগাছের জাত উন্নয়ন, ব্যবস্থাপনা ও বংশবিস্তারসহ বিভিন্ন বিষয়ে নিবিড় গবেষণা করে আসছে। প্রকল্পটি ১৯৯৯ সাল থেকে ফলদ ও ভেষজ গাছের উন্নয়ন ও সম্প্রসারণে মাঠপর্যায়ে সম্পৃক্ত হয়ে কাজ করে চলেছে। ওই বছরই প্রধান-অপ্রধান এমনকি বিলুপ্তপ্রায় দেশি-বিদেশি ফলগাছের সমন্বয়ে ২১ একর জমির ওপর গড়ে তুলেছে দেশের সবচেয়ে বড় ফলের জার্মপ্লাজম সেন্টার। জার্মপ্লাজম সেন্টারের জ্যেষ্ঠ গবেষণা সহযোগী শামছুল আলম বলেন, তাঁদের উদ্ভাবিত ৬৪টি জাতের মধ্যে রয়েছে ১৭ জাতের আম-বাউ আম-১ (শ্রাবণী-১), বাউ আম-২ (সিঁন্দুরী), বাউ আম-৩ (ডায়াবেটিক), বাউ আম-৪, বাউ আম-৫ (শ্রাবণী-২), বাউ আম-৬ (পলি অ্যাম্বব্রায়নি-১), বাউ আম-৭ (পলি অ্যাম্বব্রায়নি-২), বাউ আম-৮ (পলি অ্যাম্বব্রায়নি-রাংগুয়াই-৩), বাউ আম-৯ (শৌখিন চৌফলা), বাউ আম-১০ (শৌখিন-২), বাউ আম-১১ (কাঁচা মিঠা-১), বাউ আম-১২ (কাঁচা মিঠা-২), বাউ আম-১৩ (কাঁচা মিঠা-৩), বাউ আম-১৪ (ব্যানানা ম্যাংগো), বাউ আম-১৫ (গোলাপ খাস), বাউ আম-১৬ (গোল্লা), বাউ আম-১৭ (সাতকানিয়া); নয় প্রজাতির পেয়ারা—বাউ পেয়ারা-১ (মিষ্টি), বাউ পেয়ারা-২ (রাঙা), বাউ পেয়ারা-৩ (চৌধুরী), বাউ পেয়ারা-৪ (আপেল), বাউ পেয়ারা-৫ (ওভাল), বাউ পেয়ারা-৬ (জেলি), বাউ পেয়ারা-৭ (বীজ শূন্য গোল), বাউ পেয়ারা-৮ (বীজ শূন্য ডিম্বাকার), বাউ পেয়ারা-৯ (স্বরূপকাঠি); তিন জাতের কুল—বাউ কুল-১, বাউ কুল-২ (শাহ কুল), বাউ কুল-৩ (বার্মি); তিন জাতের লেবু—বাউ কাগজি লেবু-১, বাউ লেবু-২ (সেন্টেড এলাচি), বাউ লেবু-৩ (সেমি সিডলেস); দুই জাতের জাম্বুরা—বাউ জাম্বুরা-১ (মিষ্টি), বাউ জাম্বুরা-২; তিন জাতের কামরাঙা—বাউ কামরাঙা-১ (মিষ্টি), বাউ কামরাঙা-২ (হুইলার), বাউ কামরাঙা-৩ (এইচ আলম); বাউ জলপাই-১ (হৈমন্তী); তিন জাতের জামরুল—বাউ জামরুল-১ (নাশপাতি), বাউ জামরুল-২ (আপেল), বাউ জামরুল-৩ (আপেল-লম্বা); বাউ অরবরই (চৈতী); বাউ আমলকী-১; তিন জাতের সফেদা— বাউ সফেদা-১, বাউ সফেদা-২, বাউ সফেদা-৩ (ওভাল); তিন জাতের ড্রাগন ফল—বাউ ড্রাগন ফল-১ (সাদা), বাউ ড্রাগন ফল-২ (লাল), বাউ ড্রাগন ফল-৩ (হলুদ); দুই জাতের লিচু—বাউ লিচু-১ (বোম্বে), বাউ লিচু-২ (ঈশ্বরদী); দুই জাতের তেঁতুল—বাউ তেঁতুল-১ (মিষ্টি), বাউ তেঁতুল-২ (টক); দুই জাতের লংগান—বাউ লংগান-১, বাউ লংগান-২ (বোগর); বাউ লটকন-১ (গৌরীপুরী); বাউ কাজুবাদাম-১; বাউ মাল্টা-১; বাউ স্ট্রবেরি-১ এবং বাউ ডুমুর-১; বাউ কদবেল-১ (বনলতা); বাউ কাঁঠাল-১; বাউ আমড়া-১ (বারমাসি) এবং বাউ রাম্বুটান-১।অধ্যাপক রহিম আরও জানান, জার্মপ্লাজম সেন্টার প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ৭০ জন শিক্ষার্থী উদ্যানতত্ত্ব বিষয়ে এমএস এবং ১০ জন শিক্ষার্থী পিএইচডি ডিগ্রি লাভ করেছেন। এ ছাড়া বর্তমানে ২৫ জন এমএস এবং নয়জন শিক্ষার্থী পিএইচডি গবেষণা চালিয়ে যাচ্ছেন, যাঁদের শ্রম ও গবেষণা এ জার্মপ্লাজম সেন্টারের সমৃদ্ধি অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।অধ্যাপক রহিম বলেন, জার্মপ্লাজম সেন্টার থেকে উদ্ভাবিত ফলের চাষ দেশের বিভিন্ন অঞ্চলে বাণিজ্যিকভাবে শুরু হওয়ায় একদিকে দেশে ফলের উৎপাদন বেড়েছে, অপর দিকে তা অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বর্তমানে বেশ কিছু ফল বিদেশেও রপ্তানি হচ্ছে, তার মধ্যে বাউ কুল ও বাউ লেবু অন্যতম।