সুস্বাদু সারীর তরমুজ
‘এইটা সব থাকি বড় সাইজের! ই-রকম আছে ৩২টা...।’ খেতে রেখে এভাবেই ক্রেতাকে তরমুজ দেখাচ্ছিলেন চাষি আবদুল মান্নান। আকৃতিভেদে হিসাব কষে দরদাম ঠিক হলে পরে ক্রেতা নিজ হাতে তুলে ভার ভরে নিলেন টাটকা তরমুজ। সবার কাছে এটি ‘সারীর তরমুজ’ নামে পরিচিত। দাম কম আর সুস্বাদু হওয়ায় সারীর তরমুজের আলাদা কদর রয়েছে স্থানীয় লোকজনের কাছে। সিলেটের জৈন্তাপুর উপজেলার সারী নদীতীরের বিস্তৃত জমিতে চাষ করা তরমুজের চাহিদা থাকায় এভাবে খেতে রেখেই বেচাকেনা চলে। গত শনিবার সরেজমিনে দেখা গেছে, একেকটি তরমুজখেত যেন খোলা হাটে পরিণত হয়েছে। স্থানীয় লোকজন জানান, সিলেটের ফলমূলের বাজারে মৌসুমের এই সময় তরমুজ বাইরের বিভিন্ন জেলা থেকে আমদানি করা হয়। তাই দামও থাকে চড়া। সারী নদীর অববাহিকায় স্থানীয়ভাবে চাষ করা তরমুজ অনেকটা আগাম ফলন হওয়ায় এবার বিক্রির জন্য খেত থেকে চাষিদের হাটে যেতে হচ্ছে না। তরমুজের পাইকারেরা খেতে গিয়ে নিজ দায়িত্বে কিনে আনছেন। বাইয়ারখালের বাসিন্দা তরমুজচাষি আবদুল মান্নান জানান, নদীতীরে চার একর জমিতে তরমুজ চাষ করেছেন। এবার আগাম বৃষ্টি বা শিলাবৃষ্টি না হওয়ায় ফলন ভালো। তাই ফল ব্যবসায়ীরা খেতে এসে কিনে নিচ্ছেন তরমুজ। তরমুজের খেত ঘুরে দেখা গেছে, অন্যবার চৈত্র মাসের শেষের দিকে সারীর তরমুজ হাটে উঠত। এবার প্রায় এক মাস আগেই তরমুজ হাটে ওঠায় আগাম বেচাকেনায় উৎসাহ দেখা গেছে। আবদুল হক দুই বিঘা জমিতে তরমুজ চাষ করেছেন। বিঘাপ্রতি খরচ হয়েছে ১০ হাজার টাকা। এক বিঘার তরমুজ খেতে রেখেই ৪০ হাজার টাকায় বিক্রি করেছেন। সারীঘাটে প্রতিদিন সকালে পাইকারি বিক্রেতারা খেত থেকে তরমুজ স্তূপ করে সিলেট-তামাবিল মহাসড়কের পাশে সারি সারি করে রাখছেন। বিক্রি শুরু হচ্ছে দুপুরের পর থেকে। এভাবে সারীর তরমুজ বেচাকেনা চৈত্র মাসজুড়ে চলবে বলে ক্রেতা-বিক্রেতারা জানিয়েছেন। হাটে খুচরা দরে আকৃতিভেদে ৩০ থেকে ১২০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে একেকটি তরমুজ। ঊষর বালুতে তরমুজের চাষ শুধু চাষিদের আগ্রহেই হচ্ছে জানিয়ে জৈন্তাপুর উপাজেলা কৃষি কর্মকর্তা কাজী মজিবুর রহমান বলেন, এবার প্রায় ১০০ হেক্টর জমিতে তরমুজ চাষ হয়েছে।