শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, জ্ঞান, শিক্ষা ও নৈতিক মূল্যবোধ অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিকভাবে পূর্ণ বিকাশ করতে হবে। সুস্বাস্থ্য অর্জন করার জন্য খেলাধুলা আর শরীরচর্চার কোনো বিকল্প নেই। গতকাল শনিবার সকাল নয়টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে সপ্তাহব্যাপী আয়োজিত ‘চতুর্থ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় গেমস ২০১২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আবদুস সোবহান। এতে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন এবং আন্তবিশ্ববিদ্যালয় ক্রীড়া সংস্থার সভাপতি ও বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুল মান্নান আকন্দ বিশেষ অতিথি ছিলেন।গেমস উদ্বোধনের পর শিক্ষামন্ত্রী খেলাধুলার গুরুত্ব উল্লেখ করে বলেন, একজন প্রতিযোগী খেলাধুলার মাধ্যমে নিজেকে দৃঢ় প্রত্যয়ী করে গড়ে তোলার অনুশীলন করতে পারেন। খেলাধুলাসহ বিভিন্ন বিষয়ে অন্যকে ছাড়িয়ে শীর্ষে পৌঁছাতে হলেও তা নিয়মের মধ্যে থেকেই করতে হবে।