সুহাসিনী দাস হলের ছাত্রীরা দুর্ভোগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সুহাসিনী দাস হলের আবাসিক ছাত্রীদের দুর্ভোগের শেষ নেই। অস্বাস্থ্যকর ও নিম্ন মানের খাবার খেয়ে পেটের পীড়াসহ নানা রোগে ছাত্রীরা আক্রান্ত হচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া সাপের উপদ্রব, পানিসংকটসহ বিভিন্ন সমস্যার কারণে শিক্ষার্থীদের প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে।খোঁজ নিয়ে জানা গেছে, ২০১০ সালের ৩ মার্চ বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রীহল ‘সুহাসিনী দাস হল’ প্রতিষ্ঠিত হয়। এই হলে প্রায় আড়াই শ ছাত্রী আবাসন-সুবিধা পাচ্ছেন। তীব্র পানিসংকটের পাশাপাশি বাথরুমগুলোতে প্রয়োজনীয় আলোর ব্যবস্থা নেই। প্রায় ১৫টি টয়লেট-বেসিন নষ্ট হয়ে অনেকটা অকেজো অবস্থায় রয়েছে। ছাত্রীদের অভিযোগ, হলটি প্রতিষ্ঠার পর থেকে ময়লা-আবর্জনা ফেলার জন্য সুনির্দিষ্ট কোনো স্থান না থাকায় ডাইনিং ও হলের আশপাশে আবর্জনার বিশাল স্তূপ তৈরি হয়েছে। তবে এসব আবর্জনা অপসারণে কর্তৃপক্ষের কোনো উদ্যোগ নেই। পুরো হলের জন্য একজন পরিচ্ছন্নতাকর্মী থাকায় মাঝেমধ্যে বাবুর্চিকে পরিচ্ছন্নতাকর্মীর কাজ করতে হয়। বিশ্ববিদ্যালয়ের একদম কোনায় অবস্থিত হলের নিরাপত্তার জন্য এর চারপাশে কোনো কাঁটাতারের ব্যবস্থা নেই। ফলে ছাত্রীরা সব সময় নিরাপত্তার অভাববোধ করে বলে জানিয়েছেন।হলের সার্বিক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আবু ইউসুফ বলেন, ‘আমরা মোট তিনজন নিরাপত্তাকর্মী রয়েছি। রাতে প্রতিদিন একজনকে ছাত্রীহলে দায়িত্ব পালন করতে হয়। আরও কিছু নিরাপত্তাকর্মী যদি নিয়োগ দেওয়া হতো, তাহলে সমস্যা থাকত না।’ হলের আবাসিক ছাত্রী মৌসুমি পাল বলেন, ‘বাইন্ডারির ভেতরে ময়লা-আবর্জনা ফেলা হয়। তাই এখানে মশা-মাছি থেকে শুরু করে সাপের উপদ্রব রয়েছে। পয়োনিষ্কাশনব্যবস্থা খুবই খারাপ।’ শিক্ষার্থী তানজিলা ইসলাম বলেন, ‘হঠা ৎ কোনো ছাত্রী অসুস্থ হয়ে পড়লে তাঁর জন্য ওষুধ আনার লোক পর্যন্ত নেই। কোনো নারী গার্ড না থাকায় বিভিন্ন সমস্যার কথা পুরুষ গার্ডের কাছেও বলা যায় না।’ শিক্ষার্থীরা জানিয়েছেন, হলের অধিকাংশ কক্ষের লাইটের সুইচ ও ফ্যান নষ্ট হলেও এসব সারাতে কোনো উদ্যোগ নেই। বেশির ভাগ ছাত্রী কর্তৃপক্ষের কাছ থেকে চৌকি, টেবিল, চেয়ার পাননি। চৌকির অভাবে অনেককেই মেঝেতে বিছানা পেতে থাকতে হচ্ছে। পুরো হলে মাত্র একটি চুলা থাকায় রান্নার কাজেও ব্যাঘাত ঘটছে। শিক্ষার্থী শুভা মেহজাবিন বলেন, ‘গ্যাস্ট্রিক সমস্যার কারণে আমি হলের নিম্ন মানের খাবার খেতে পারি না। আমাদের এখানে স্টোভ কিংবা প্রেশার কুকার ব্যবহার করতে দেওয়া হয় না।’ সুহাসিনী দাস হলের প্রাধ্যক্ষ (প্রভোস্ট) আঞ্জুমান আরা বিভিন্ন সমস্যার কথা স্বীকার করে বলেন, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাধ্য অনুযায়ী ছাত্রীদের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করছে। নিরাপত্তাকর্মী নিয়োগের চেষ্টা চলছে। বাজারের উচ্চমূল্যের কারণে ডাইনিং ম্যানেজারকে হিমশিম খেতে হয়। কারণ, মাত্র ৪৫ টাকায় একজন শিক্ষার্থীর জন্য তিনবেলা খাবার সরবরাহ করতে হচ্ছে।