সুহৃদদের ভালোবাসায় সিক্ত তাসমিমা হোসেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জন্মদিনের অনুষ্ঠানে কেক কাটছেন তাসমিমা হোসেন। ছবি: সাবিনা ইয়াসমিন
জন্মদিনের অনুষ্ঠানে কেক কাটছেন তাসমিমা হোসেন। ছবি: সাবিনা ইয়াসমিন

‘অনন্যা’ পুরস্কার দিয়ে যিনি দেশের গুণী নারীদের বিশেষ ‘স্বীকৃতি’ দিয়েছেন, তাঁর জন্মদিনটা অন্য রকম হবে না, তা কী করে হয়! জন্মদিনের অনুষ্ঠান বললে যে রকম জাঁকজমক আনুষ্ঠানিকতার কথা মনে আসে, তেমনটা নয়। তবে ছিল নিখাদ শ্রদ্ধা, ভালোবাসা ও প্রীতির উষ্ণতায় ভরা। অনাড়ম্বর, ছিমছাম অনুষ্ঠানের শুরুতে ব্যান্ড পার্টির বাজনার মধ্য দিয়ে বরণ করা হয় তাঁকে। এ অনুষ্ঠানের আয়োজন করা হয় জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে। 

আজ মঙ্গলবার ‘ইত্তেফাক’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও ‘পাক্ষিক অনন্যা’র সম্পাদক তাসমিমা হোসেনের ৬৫তম জন্মদিনে তাঁর সুহৃদ-শুভাকাঙ্ক্ষীরা করেছিলেন এ আয়োজন। আয়োজনের উদ্দেশ্য, ‘অনন্যা’ পুরস্কার দেওয়ার মাধ্যমে তিনি নারীদের যে সাহস দিয়েছেন, সেই গল্প শোনা। আর ফেলে আসা দিনের স্মৃতিচারণার মধ্য দিয়ে এই গুণী নারীর সান্নিধ্যে খানিকটা সময় কাটানো।
মঞ্চে এক বৈষম্যহীন সমাজব্যবস্থার স্বপ্ন দেখা তাসমিমা হোসেনকে নিয়ে কথা হয়, কবিতা পাঠ হয়। শুরুতেই ‘উইমেন জার্নালিস্ট নেটওয়ার্ক বাংলাদেশ’-এর সব নারী সাংবাদিকের পক্ষ থেকে ফুল দিয়ে তাসমিমা হোসেনকে শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠান উপস্থাপনা করেন সাংবাদিক ফারজানা রূপা। অনুষ্ঠানে জন্মদিনের শুভেচ্ছা জানাতে আসেন পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এবং ইত্তেফাকের প্রকাশক তারিন হোসেন।
সুহৃদদের ভালোবাসায় সিক্ত তাসমিমা হোসেন বলেন, ‘আশির দশকে নারী স্বাধীনতা ও নারী অধিকার নিয়ে কাজ করাটা সহজ ছিল না। সত্য বড় কঠিন জেনেই এই বন্ধুর পথটি বেছে নিয়েছি। তবে আমি মনে করি, “অনন্যা” হচ্ছে একটি নেটওয়ার্কিং। অনেক সংগঠনের সঙ্গে আমরা কাজ করি। এটার মাধ্যমে মানুষের জন্য কিছু করা যায়। আসলে কাজ হচ্ছে এক ধরনের মেডিটেশন।’
তাসমিমা হোসেন বলেন, ‘হাতে হাত রেখে একজন আরেকজনের পাশে দাঁড়াতে হবে। কেবল কথা বললেই হবে না, অন্যের কথা শোনাও গুরুত্বপূর্ণ ব্যাপার। আমরা “অনন্যা” দাঁড় করিয়ে দিয়েছি। তবে এটা সবার জন্য খোলা।’ ‘কত কিছু হয়ে গেছে, কত কিছু হয়ে যাবে, তবুও আমাদের পথ চলতে হবে’ বলে জানান তাসমিমা হোসেন।’
কাজী রোজীর কবিতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানে শুরুতে সালমা আলী বলেন, ‘আজকে তিনি নারীদের সাহস জুগিয়ে যাচ্ছেন। পরের প্রজন্মের সবাই জানবে আমরা কেমন করে উঠে এসেছি। কাজের স্বীকৃতি পেলে ভালো লাগে। “অনন্যা” আমাদের স্বীকৃতি দিয়েছে, সংঘবদ্ধ করেছে।’
ফেরদৌসী প্রিয়ভাষিণী বলেন, ‘তাসমিমা কেবল নারীদের জন্য নয়, মানব সমাজের জন্য কাজ করেন। তাঁকে কৃতজ্ঞতা জানানোর ভাষা হারিয়ে ফেলেছি।’
সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেন, ‘তাসমিমা হোসেনের হাসিমাখা মুখ দেখলেই আমার মন ভালো হয়ে যায়।’
ফুল দিয়ে তাসমিমা হোসেনকে শুভেচ্ছা জানান তাঁর অনেক অনুরাগী ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। কার্টুনিস্ট আহসান হাবীব ও সুইডেনপ্রবাসী আরিফুর রহমান পাঠিয়েছেন তাসমিমা হোসেনের ক্যারিকেচার। অনুষ্ঠানের এক ফাঁকে সুহৃদদের নিয়ে কেক কাটেন তাসমিমা হোসেন। পরে নৃত্য পরিবেশন করেন সাধনা সংস্কৃতি প্রসারকেন্দ্রের শাম্মী আক্তার ও তানুন আহমেদী। এ ছাড়া মুন্নী ও তানিয়ার নৃত্যালেখ্য সবাইকে মুগ্ধ করেছে।